১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যুব হ্যান্ডবলে পঞ্চগড়ের ‘প্রথম’

ফাইনালে ঢাকাকে হারিয়েছে তারা।

যুব হ্যান্ডবলে পঞ্চগড়ের ‘প্রথম’
ঢাকাকে হারিয়ে প্রথমবারের মতো যুব হ্যান্ডবলে সেরা হয়েছে পঞ্চগড়। ছবি: হ্যান্ডবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 07:26 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

প্রথমার্ধেই ঢাকাকে কোণঠাসা করে ফেলার পর দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখল পঞ্চগড়। প্রথমবারের মতো জাতীয় যুব পুরুষ হ্যান্ডবলের শিরোপা জিতে নিল তারা।

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনালে পঞ্চগড় ৩৬-২৩ গোলে হারিয়েছে ঢাকাকে। চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে এগিয়ে ছিল ১৮-০৯ গোলে। 

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন পঞ্চগড়ের রাতুল উদ্দিন। নিজের জেলায় হ্যান্ডবলের উন্নয়নে পৃষ্ঠপোষকদের সহযোগিতা চাইলেন তিনি।

“আমরা ২০২২ সালে খেলা শুরু করি। এর আগে ভারতে খেলেছি বয়সভিত্তিক টুর্নামেন্টে। তবে জাতীয় দলের ক্যাম্পে ২০২৪ সালে ডাক পেলেও মাঠে নামা হয়নি। আমাদের এলাকায় হ্যান্ডবলের জনপ্রিয়তা অনেক। পৃষ্ঠপোষকতা পেলে আমার মতো আরও অনেকে উঠে আসবে।”

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের রাতুল। ছবি: হ্যান্ডবল ফেডারেশন

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের রাতুল

চ্যাম্পিয়ন দলের কোচ নাইমুল ইসলাম রুবেলের কণ্ঠেও নানা প্রতিকূলতা পেরিয়ে প্রথমবার সেরা হওয়ার উচ্ছ্বাস।

“প্রথমবার মতো চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লেগেছে। গত তিন বার খুব কাছে গিয়েও পারিনি। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনুশীলন করতে হয়েছে। আমাদের ট্রেনিং সামগ্রী ও প্রয়োজনীয় সময়ের অভাব। ফেডারেশন থেকে যা সহযোগিতা পেয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। ভবিষ্যতে আরও সহযোগিতা পেলে আরও ভালো করব।”

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যশোরকে ২৭-২৩ গোলে হারিয়েছে কুষ্টিয়া।