Published : 30 Jul 2026, 09:41 PM
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসর সামনে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ এই ইংলিশ উইঙ্গার।
গত মৌসুমে ধারে বার্সেলোনায় খেলেন রাশফোর্ড। স্প্যানিশ চ্যাম্পিয়নদের সামনে সুযোগ ছিল তিন কোটি ইউরোয় পাকাপাকিভাবে তাকে দলে নেওয়ার। কিন্তু রাশফোর্ডের ভালো পারফরম্যান্সের পরও সেই পথে হাঁটেনি হান্সি ফ্লিকের দল।
গণমাধ্যমের খবর, আরেক মৌসুমের জন্য রাশফোর্ডকে ধারে কাম্প নউয়ে রাখতে চেয়েছিল বার্সেলোনা। তবে এরই মধ্যে দুই উইঙ্গার অ্যান্থনি গর্ডন ও কারিম আদেইয়েমিকে দলে নিয়েছে তারা। এতে রাশফোর্ডের জন্য দুয়ার বন্ধ হয়ে গেছে।
সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার বার্সেলোনাকে বিদায় জানান বিশ্বকাপের পর আপাতত ছুটিতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ২৮ বছর বয়সী তারকা।
“এখানে আমার সময়টা এতটা ইতিবাচক ও স্মরণীয় করে রাখায় ক্লাবের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং অনেক স্পেশাল স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। ক্লাব ও এর সব সমর্থকদের আগামী মৌসুমে সাফল্যের জন্য আমি শুভকামনা জানাচ্ছি।”
আগামী ২২ অগাস্ট প্রিমিয়ার লিগে ফেরা হাল সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইউনাইটেড। এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে আশা করা হচ্ছে, এর আগেই ক্লাবে ফিরবেন রাশফোর্ড।