১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ফিকে বাংলাদেশ কোচের জয়ের আনন্দ

মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা উদযাপনের কথা ভাবতেই পারছেন না পিটার জেমস বাটলার।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ফিকে বাংলাদেশ কোচের জয়ের আনন্দ
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 12:30 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ‍্যাম্পিয়নশিপের শিরোপা জিতেও সবার মন ভার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকেব আবহ বাংলাদেশ দলে। এই সময়ে শিরোপা জয় উদযাপনের কথা ভাবতেও পারছেন না কোচ পিটার জেমস বাটলার। শ্রদ্ধার সঙ্গে নিহতদের স্মরণ করে স্বজনদের তিনি জানিয়েছেন সমবেদনা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ। সবগুলো গোলই করেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকা।

এদিনই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ আছড়ে পড়ে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে, বেশ কয়েকজন আছেন আইসিইউতে।

এসব খবর অজানা নয় বাটলারের। তাই টানা ৬ জয়ে শিরোপা ধরে রাখার আনন্দ সম্পূর্ণ ম্লান হয়ে গেছে তার কাছে। 

“আজকের মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি।”

“যখন কেউ প্রাণ হারিয়েছেন, কেউ তাদের শিশু সন্তানকে হারিয়েছেন, এই সময়টা উদযাপনের জন‍্য নয়। তাই সবার আগে আমি বলতে চাই, গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। যারা প্রাণ হারিয়েছেন, শিশুসহ যারা গুরুতর আহত হয়েছেন তাদের সবার জন‍্য প্রার্থনা করছি।”

সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে আবারও হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ