৫ মিনিটের ২ গোলে হার এড়িয়ে এনরিকে বললেন, ‘এটাই পিএসজি’
দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ পিএসজির কোচ লুইস এনরিকে।
পিএসজিকে চোখ রাঙাচ্ছিল ‘নিশ্চিত’ হার। তবে হাল ছেড়ে দেওয়ার মতো দল তো নয় তারা। শেষ পর্যন্ত লড়ে গিয়ে, যোগ করা সময়ের দুই গোল করে পরাজয় এড়াল ফরাসি চ্যাম্পিয়নরা। দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ কোচ লুইস এনরিকে বললেন, এই তাদের ‘পরিচয়।’
লিলের বিপক্ষে শুক্রবার লিগ আঁর ম্যাচে প্রায় হেরে যাচ্ছিল পিএসজি। নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। এরপর পাঁচ মিনিটে দুই গোল করে অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান কমান ভিতিনিয়া। আর পঞ্চম মিনিটে পিএসজিকে সমতায় ফেরান মার্কিনিয়োস।
চলতি মৌসুমে লিগের প্রথম ম্যাচেও ঠিক এভাবেই হার এড়িয়েছিল পিএসজি। রেনের বিপক্ষে সেদিন বদলি নেমে জোড়া গোল করে তাদের ২-২ ড্র এনে দেন বার্সেলোনা থেকে দলটিতে যোগ দেওয়া ফেররান তোরেস।
লিলের বিপক্ষে ম্যাচটি শেষে দলের হার না মানা মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেন এনরিকে।
“গত তিন বছর ধরে এই দলের এটাই পরিচয়। সবাই যখন আমাদের শেষ ভাবে, তখন ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে।
“আমার মনে হয়, এর চেয়ে ভালো ফল আমাদের প্রাপ্য ছিল। তবে এটাই ফুটবল। ফুটবল সবসময় ন্যায্য বিচার করে না, আপনাকে গোল করতে হবে। এই এক পয়েন্ট আমাদের প্রাপ্য।”
টানা দুটি লিগ ম্যাচে জিততে পারেনি পিএসজি। এনিয়ে অবশ্য মোটেও উদ্বিগ্ন নন দলটিকে টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ এনরিকে।
“মনে হতে পারে, দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট বেশি কিছু নয়। কিন্তু গত বছর রেন ও লিলের বিপক্ষে আমরা যে ফল পেয়েছিলাম, সেটি বিবেচনা করলে এবার ওই দুই ম্যাচ থেকে আমরা আসলে এক পয়েন্ট বেশি পেয়েছি।
“আমরা ইতিবাচক থাকার চেষ্টা করছি। স্পষ্টতই আমাদের উন্নতি করতে হবে এবং আরও ভালো মানের ফুটবল খেলতে হবে। তবে আমার মনে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার সামর্থ্য থাকার বিষয়টি দল আজ দেখিয়েছে।”
নতুন মৌসুমে এনিয়ে টানা তিন ম্যাচে জিততে পারল না পিএসজি। লঁসের বিপক্ষে ফরাসি সুপার কাপ হারের পর থেকেই ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে দলটি। অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছিল তারা।
পিএসজির পরের ম্যাচ আগামী শুক্রবার। ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে খেলবে তারা। চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগে লিগে এটাই তাদের শেষ ম্যাচ।
