১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডর্টমুন্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে শিরোপার পথে বায়ার্ন মিউনিখের বড় লাফ

দ্বিতীয় স্থানের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছে শিরোপাধারীরা।

ডর্টমুন্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে শিরোপার পথে বায়ার্ন মিউনিখের বড় লাফ
টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকে জেতালেন হ্যারি কেইন (ডানে)।  ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 02:27 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ম্যাচের শুরুটা ভালো হলো না বায়ার্ন মিউনিখের। পিছিয়ে থেকে বিরতির পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়াল দলটি। আরেকটি গোল করে বরুশিয়া ডর্টমুন্ড লড়াই জমিয়ে তুললেও, চ্যাম্পিয়নদের আটকাতে পারল না। 

সিগনাল ইদুনা পার্কে শনিবার বুন্ডেসলিগার ম্যাচে ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। তাদের জয়ের নায়ক হ্যারি কেইন, করেছেন জোড়া গোল। দলটির শেষ গোলটি করেন জসুয়া কিমিখ।

ডর্টমুন্ডের বিপক্ষে গত অক্টোবরে আসরে প্রথম দেখায় ২-১ গোলে জিতেছিল বায়ার্ন। মৌসুম জুড়ে দারুণ ছন্দে এগিযে চলা কেইন ওই ম্যাচে দলকে শুরুতে এগিয়ে নিয়েছিলেন।

এদিন অবশ্য ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে বায়ার্ন। ড্যানিয়েল সভেনসনের ক্রসে হেডে গোলটি করেন জার্মান সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৪তম মিনিটে কেইনের নৈপুণ্যে সমতায় ফেরে সফরকারীরা। ডি-বক্সে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি।

১৫ মিনিট পর ডি-বক্সে ইয়োসিপ স্তানিসিচ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। আসরে টানা চার ম্যাচে দুটি করে গোল করলেন ইংলিশ তারকা।

এবারের বুন্ডেসলিগায় ২৪ ম্যাচে কেইনের গোল হলো ৩০টি, তার চেয়ে ১৭ গোল কম নিয়ে তালিকায় দুইয়ে তারই সতীর্থ লুইস দিয়াস। ২০২৩ সালে বায়ার্নে যোগ দিয়ে আগের দুই মৌসুমেও লিগে সর্বোচ্চ স্কোর ছিলেন কেইন; ২০২৩-২৪ আসরে ৩৬টি এবং ২০২৪-২৫ আসরে ২৬টি। 

৮৩তম মিনিটে সুইডিশ ফুটবলার সভেনসনের গোলে সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশা জাগায় ডর্টমুন্ড। তবে চার মিনিট পরই দারুণ ভলিতে ব্যবধান গড়ে দেন কিমিখ। 

লিগে টানা চতুর্থ জয়ের পর ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ১১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।