১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভিএআর সিদ্ধান্ত গুয়ার্দিওলার কাছে ‘টসের মতো’

বিতর্কিত সিদ্ধান্ত যেন প্রভাব ফেলতে না পারে, দলকে সেভাবে খেলতে বলেছেন ম্যানচেস্টার সিটি কোচ।

ভিএআর সিদ্ধান্ত গুয়ার্দিওলার কাছে ‘টসের মতো’
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

টসে জয়-পরাজয় যেমন ভাগ্যের ওপর নির্ভরশীল, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তকেও ঠিক তেমনই মনে করেন পেপ গুয়ার্দিওলা। তাই ম্যানচেস্টার সিটি কোচ দলকে এমনভাবে খেলতে বলেছেন, যাতে মাঠের কোনো বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে না পারে।

ভিএআর-এর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি সেটি বাড়তি মাত্রা পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের ম্যাচে একটি সিদ্ধান্তের কারণে। সেদিন ম্যাচের শেষ দিকে ওয়েস্ট হ্যামের সম্ভাব‍্য গোলটি ভিএআর বাতিল করে দেয়। যা নিয়ে চলছে তুমুল চর্চা।

ম্যাচটি ১-০ গোলে জিতে ২২ বছর পর লিগ শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে যায় আর্সেনাল। ওই লড়াই ড্র হলে, শিরোপার লড়াই পেত নতুন মোড়। ট্রফি পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়ত ম্যানচেস্টার সিটির।

বুধবার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে সিটি। ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে ভিএআর নিয়ে কথা বলেন গুয়ার্দিওলা।

“একমাত্র যেটা আমরা করতে পারি তা হলো, ভালো পারফরম্যান্স করা। এটাই কেবল আমাদের নিয়ন্ত্রণে। আমরা এফএ কাপের দুটি ফাইনালে হেরেছি, কারণ রেফারির যেভাবে দায়িত্ব পালন করা উচিত ছিল সেভাবে করেনি, এমনকি ভিএআরও না। যখন এমন কিছু ঘটে, তখন বুঝতে হবে রেফারি বা ভিএআর-কে দোষারোপ না করে নিজেদের আরও ভালো করতে হবে।”

“অনেক আগে এখানে আসার পর থেকে কিছুই বিশ্বাস করি না। আমি শিখেছি যে আরও ভালো খেলতে হবে এবং নিজেকে এমন অবস্থানে নিয়ে যেতে হবে যেন আরও ভালো করা যায়। কারণ অন্যথায় দোষটা মনে হবে নিজের। ভিএআর আসলে অনেকটা টসের মতো।”

আর্সেনালের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে সেই ব্যবধান দুইয়ে নামিয়ে আনার সুযোগ তাদের সামনে।

“এই ম্যাচ খেলার পর বোর্নমাউথে যাব এবং শেষ ম্যাচ খেলব অ্যাস্টন ভিলার বিপক্ষে। আগামীকালের (বুধবারের) ম্যাচটি গুরুত্বপূর্ণ, পরের ম্যাচে কি হয় সেটা দেখা যাবে।”

৩৬ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট আর্সেনালের। ৩৫ ম্যাচ খেলা সিটির পয়েন্ট ৭৪।