১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাফিনিয়া খুব ভালো খেলেছে, ভিনিসিউস চেষ্টা করেছে’

ফ্রান্সের বিপক্ষে পরাজয়ের ম্যাচে রাফিনিয়া ও ভিনিসিউসের পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

‘রাফিনিয়া খুব ভালো খেলেছে, ভিনিসিউস চেষ্টা করেছে’
রাফিনিয়া ও ভিনিসিউসের পারফরম্যান্সে খুশি কোচ আনচেলত্তি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 01:59 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

রেয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিউস ও বার্সেলোনার হয়ে রাফিনিয়া প্রতিপক্ষের জন্য আতঙ্ক। ম্যাচের পর ম্যাচ পার্থক্য গড়ে দিচ্ছেন দুজন, দলের কত সাফল্যের নায়ক তারা। কিন্তু ক্লাবের সেই রূপ দেশের জার্সিতে ফুটিয়ে তুলতে পারেন তারা কম সময়ই। এবার ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও দেখা গেল সেই চেনা চিত্র। ব্রাজিলের কোচের ভাবনা যদিও ভিন্ন। দুজনের পারফরম্যান্সকেই ‘ভালো’ বলছেন কার্লো আনচেলত্তি।  

রেয়াল মাদ্রিদের হয়ে সাম্প্রতিক সময়ে অসাধারণ ফর্মে থেকে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি খেলতে নেমেছিলেন ভিনিসিউস। কিন্তু বস্টনে তাকে খুঁজেই পাওয়া যায়নি সেভাবে। পুরো ম্যাচে নিজের স্রেফ ছায়া হয়ে থাকেন তিনি। গোল করা বা সহায়তা তো দূরের কথা, গোলে কোনো শটই নিতে পারেননি ২৫ বছর বয়সী তারকা। পারেননি কোনো ক্রস করতে। বলের দখল হারিয়েছেন বারবার।

চোটের শঙ্কায় রাফিনিয়াকে দ্বিতীয়ার্ধে তুলে নেন কোচ। প্রথমার্ধে তার পারফরম্যান্স ভিনিসিউসের মতো এতটা বিবর্ণ না হলেও খুব ভালো কিছু ছিল না। পঞ্চম মিনিটে একটি সুযোগও হাতছাড়া করেন তিনি। 

ইউরোপের বড় দুই ক্লাবের আক্রমণভাগের দুই ভরসা গোল এনে দিতে পারেননি দেশকে। ১০ জনের ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে গেরেছে ব্রাজিল।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল এই দুজনের পারফরম্যান্স নিয়ে। কোচ আনচেলত্তি দুই হাত বাড়িয়ে যেন আগলে রাখলেন দুজনকে। 

“আমার মনে হয় রাফিনিয়া খুব ভালো খেলেছে। প্রথমার্ধের শেষে তার পেশিতে কিছুটা অস্বস্তি হওয়ায় তাকে বদলি করতে হয়েছে। কিন্তু সে অনেক সুযোগ পেয়েছে এবং বল ছাড়া তার বিচরণও খুব ভালো ছিল।”

“ভিনি সবসময় চেষ্টা করে। সবসময় পার্থক্য গড়ে দেয় সে। একজন স্ট্রাইকার সবসময় গোল করতে পারে না, কিন্তু তারা দুজনেই যা করেছে, তা ভালো ছিল।”

ব্রাজিলের পরের ম্যাচ বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে। দেশের জার্সিতে ভিন্ন কিছু করার সুযোগ সেখানে পাবেন ভিনিসিউস। পেশির চোটে পড়া রাফিনিয়ার অবস্থা জানা যাবে শুক্রবার পরীক্ষার পর।