জাতীয় পুরুষ হ্যান্ডবলে সেরা বিজিবি
প্রতিযোগিতাটিতে এ নিয়ে ৩১ বার সেরা হলো সংস্থাটি।
জমজমাট লড়াইয়ের পর পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ আনসার। কিন্তু দ্বিতীয়ার্ধে তেমন একটা লড়াই করতে পারল না তারা। জাতীয় পুরুষ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার ফাইনালে বিজিবি ৩২-২৪ গোলে হারায় বাংলাদেশ আনসারকে। প্রথমার্ধে ১৫-১৩ ব্যবধানে এগিয়ে ছিল চ্যাম্পিয়নরা।
১৯৮৪ সাল থেকে জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরুর পর থেকে আধিপত্য ধরে রেখেছে বিজিবি। বাংলাদেশ রাইফেলস নামে একসময় পরিচিত ছিল এই সার্ভিসেস সংস্থাটি, পরে হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পর্যন্ত তাদের অর্জনের শোকেসে ৩৫ আসরের ৩১টির শিরোপাই উঠেছে।
জাতীয় হ্যান্ডবলে এবারই প্রথম ট্রফির পাশাপাশি অর্থ পুরস্কার দিল ফেডারেশন, যদিও তা যৎসামান্য। চ্যাম্পিয়ন বিজিবি দল পেয়েছে ২৫ হাজার টাকা। রানার্সআপ বাংলাদেশ আনসার পেয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া তৃতীয় হওয়া দল বাংলাদেশ পুলিশ ক্লাব পেয়েছে ১০ হাজার টাকা।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ আনসারের উচো থোয়াই মারমা। তিনিও ট্রফির পাশাপাশি পেয়েছেন পাঁচ হাজার টাকা অর্থ পুরস্কার।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব উল-আলম। সেখানেই হ্যান্ডবল স্টেডিয়াম সংস্কারের কথা বলেন সজীব ভূঁইয়া।
“বৃষ্টির জন্য অনেক্ষণ খেলা বন্ধ থাকলেও আমরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল দেখেছি। তবে এখানে যে সমস্যা বৃষ্টির কারণে হয়েছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। আগামীকাল এই স্টেডিয়াম পরিদর্শন করতে এনএসসির একটা টিম আসবে। কোথায় কোথায় সমস্যা, কোন জায়গা সংস্কার করতে হবে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে করে মাঠটি খেলার উপযোগী করে তোলা হবে।”
