২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৩টি শিরোপা জিতেও কেন পুরোপুরি সন্তুষ্ট নন বার্সেলোনার আরাউহো

কারণটা অবশ্য দলগত নয়, বললেন সেটা কেবলই তার ব্যক্তিগত।

৩টি শিরোপা জিতেও কেন পুরোপুরি সন্তুষ্ট নন বার্সেলোনার আরাউহো
চোটের কারণে মৌসুমে খুব বেশি খেলতে পারেননি আরাউহো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

মৌসুমের মাঝপথের ছন্দপতনের পরও যে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিনবার শিরোপা উৎসব করেছে বার্সেলোনা, তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে মাঠে যে দারুণ ধারাবাহিকতার প্রমাণ রেখেছে দলটি, তা নজর কেড়েছে সবার। তবে, দলটির ডিফেন্ডার রোনালদ আরাউহো খুব বেশি খুশি হতে পারছেন না। 

কারণ আর কিছু নয়, চোট। এই ধাক্কায় মৌসুমের অনেকটা সময় বাইরে থাকতে হওয়ায় সন্তুষ্ট হতে পারছেন না তিনি। 

গত নভেম্বর-ডিসেম্বরের টানা ব্যর্থতায় লা লিগায় একটা সময় শীর্ষস্থান থেকে ৯ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে নতুন বছরে কী অসাধারণভাবেই না ঘুরে দাঁড়ায় হান্সি ফ্লিকের দল। রেয়াল মাদ্রিদের ছন্দপতনের সুযোগ নিয়ে, দুই ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধারের আগ পর্যন্ত লিগে আর কোনো ম্যাচই হারেনি তারা।

এর মাঝে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ও এপ্রিলে কোপা দেল রের ফাইনালসহ মৌসুমে মোট চারবার চিরপ্রতিদ্বন্দ্বী রেয়ালের মুখোমুখি হয়ে প্রতিটিতেই জয় তুলে নেয় বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে উঠেছিল দলটি। দারুণ পারফরম্যান্সে দ্যুতি ছড়ালেও, শেষ চারে দুই লেগের অবিশ্বাস্য নাটকীয়তার লড়াইয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেরে যায় তারা।

এত এত সাফল্য, ফুটবল বোদ্ধাদের স্তুতির জোয়ারে ভাসার পরও আরাউহোর মনে একটা অতৃপ্তি রয়েই গেছে। চোটের কারণে তিনি যে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি, লা লিগায় মোটে ১২টি ম্যাচ খেলতে পারেন তিনি। 

ক্লাব মৌসুমের ব্যস্ততা সেরে গণমাধ্যমে সেই অসন্তুষ্টির কথাই বললেন উরুগুয়ের এই সেন্টার-ব্যাক।

“এই মৌসুমে যে শিরোপাগুলো আমরা জিতেছি, সেজন্য অবশ্যই খুশি। তবে ব্যক্তিগতভাবে, আমি মনে করি না যে, মৌসুমটা দুর্দান্ত কেটেছে। বিশেষ করে চোটের কারণে, যা আমাকে দীর্ঘ সময় বাইরে রেখেছে।”

“তবে আমরা তিনটা শিরোপা জিতেছি এবং আমি এখানে আছি, এজন্য আমি খুশি।”

দলের প্রয়োজনে রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারদর্শী ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার আসছে দলবদলে বার্সেলোনা ছেড়ে যেতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আরাউহো অবশ্য তা উড়িয়ে দিলেন।

“নিশ্চিত করছি যে, আমি এখানেই থাকব। এখানে ২০৩১ সাল পর্যন্ত আমার চুক্তি আছে।”