কোপা আমেরিকা
Published : 11 May 2024, 12:15 PM
আগামী দুই বিশ্বকাপে তাকিয়ে দলকে নতুনভাবে গড়ে তুলতে চান মেক্সিকো কোচ খাইমে লোসানো। সেই পরিকল্পনায় কাটা পড়লেন পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞ সেনানী গিয়েরমো ওচোয়া। গত দেড় যুগ ধরে মেক্সিকোর গোলবারের বিশ্বস্ত ও অতন্দ্র প্রহরী এই কিংবদন্তি গোলকিপার জায়গা পাননি এবারের কোপা আমেরিকার স্কোয়াডে।
কোপা আমেরিকার জন্য শুক্রবার ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেন কোচ লোসানো। সেখানে জায়গা হয়নি ওচোয়ার। উল্লেখযোগ্যদের মধ্যে আরও বাদ পড়েছেন পিএসভি আইন্দহোভেনের হয়ে সদ্যই ডাচ লিগজয়ী ফরোয়ার্ড ইয়ারভিং লোসানো।
টুর্নামেন্ট শুরুর আগে এই স্কোয়াড থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন কোচ লোসানো। প্রাথমিক এই স্কোয়াডে ১০ জন ফুটবলারকে রাখা হয়েছে মেক্সিকোর অনূর্ধ্ব-২৩ দল থেকে।
ওচোয়ার বাদ পড়াকে বলা যায় বর্ণাঢ্য এক অধ্যায়ের অবসান। সেই ২০০৫ সালে মেক্সিকোর হয়ে তার অভিষেক। ২০০৬ বিশ্বকাপে গিয়েছিলেন তিনি দলের তৃতীয় পছন্দের গোলকিপার হিসেবে। সেখান থেকে দ্রুতই হয়ে ওঠেন প্রথম পছন্দ। এরপর মেক্সিকোর ফুটবলে অনেক পালাবদল ও প্রজন্মের পরিবর্তন হলেও তিনি রয়ে যান আপন রূপে।
২০২২ বিশ্বকাপেও মেক্সিকোর প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে রবের্ত লেভানদোভস্কির পেনাল্টি ঠেকিয়ে ম্যাচ সেরা হন তিনি। গত বছর কোচের পদে পরিবর্তনের পর দায়িত্ব পান খাইমে লোসানো। তিনিও ভরসা রাখেন ওচোয়ার অভিজ্ঞতায়। মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদো অবসরে যাওয়ার পর মেক্সিকোর নেতৃত্ব পান এই গোলকিপারই। গত জুনে তার নেতৃত্বে কনক্যাকাফ গোল্ড কাপ জয় করে মেক্সিকো। দেশের রেকর্ড ৯ বারের সেই শিরোপা জয়ে ওচোয়াও রেকর্ড গড়েন ৫ বার জিতে। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়ে ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কারও তিনিই জিতে নেন।
কিন্তু কোচ লোসানো এখন তাকাতে চান সামনে। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো। দেশের মাঠে বিশ্ব আসরের জন্য শক্তিশালী দল গড়ে তুলতে চান তিনি। কোচ এমনকি তাকাচ্ছেন ২০৩০ বিশ্বকাপেও।
“আমরা একটি শক্তিশালী ও প্রাণবন্ত দল গড়তে চাই। ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য ভিত গড়ার সময় এখনই।”
“দলে যারা জায়গা পায়নি, সবার সঙ্গে কথা বলেছি আমরা। কারা নিজেদের মেলে ধরতে পারে, তা পরখ করার আদর্শ টুর্নামেন্ট হতে পারে এটি (কোপা আমেরিকা)। দেশের মাঠে বিশ্বকাপে যদি দলের সর্বোচ্চ ভালো অবস্থায় এবং সেরা পারফরম্যান্স দেখতে চাই, তাহলে সামনের এই বড় চ্যালেঞ্জের দাবি মেটানোর মতো কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হবে।”
মেক্সিকোর হয়ে ১৫১ ম্যাচ খেলা ৩৮ বছর বয়সী ওচোয়ার জাতীয় দলের অধ্যায় তাই এখন শেষ বলেই ধরে নেওয়া যায়।
বাদ পড়া আরেকজন, ইয়ারভিং লোসানো অবশ্য এটিকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন। এই দলে সুযোগ পাওয়াদের সামাজিকমাধ্যমে অভিনন্দন জানিয়ে নিজে ভবিষ্যতে দলে ফেরার প্রত্যয় শুনিয়েছেন ২৮ বছর বয়সী উইঙ্গার।
কোপা আমেরিকায় এবার ‘বি’ গ্রুপে একুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকার বিপক্ষে খেলবে মেক্সিকো। এর আগে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী ৩১ মে বলিভিয়ার বিপক্ষে, ৫ জুন উরুগুয়ের বিপক্ষে ও ৮ জুন ব্রাজিলের বিপক্ষে।