১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩ ম্যাচ পর জিতল ম্যানচেস্টার ইউনাইটেড

এই জয়ে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এসেছে হুবেন অ্যামুরির দল।

৩ ম্যাচ পর জিতল ম্যানচেস্টার ইউনাইটেড
ঘুরে দাঁড়িয়ে বিজয়ীর বেশে ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

দুই ড্রয়ের পর হার- ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে সময় ফের শুরু হলো কিনা প্রশ্ন উঠতে শুরু করেছিল। আপাতত সেটার সমাপ্তি টানতে পারল হুবেন অ্যামুরির দল। পিছিয়ে পড়ার পরও ক্রিস্টাল প্যালেসের মাঠে জিতল ইউনাইটেড। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। আসরে এই নিয়ে সবশেষ চার ম্যাচে এটি তাদের প্রথম জয়।  

সফল স্পট কিকে প্যালেসকে এগিয়ে নেন জ্যঁ ফিলিপ মাতেতা। বিরতির পর জসুয়া জার্কজি সমতায় ফেরান দলকে। পরে ইউনাইটেডকে এগিয়ে নেন ম্যাসন মাউন্ট।

১৩ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে প্যালেস। 

১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। পরের চারটি স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি (২৫), চেলসি (২৩), সান্ডারল্যান্ড (২২) ও অ্যাস্টন ভিলা (২১)।

ঘরের মাঠে ৩৬তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মাতেতা। তাকেই ফাউল করায় পেনাল্টি পায় প্যালেস। দুইবার শট নিতে হয় মাতেতাকে, প্রথমবার জাল খুঁজে নিলেও তিনি দুইবার বল স্পর্শ করায় গোল মেলেনি। পরেরবার অবশ্য কোনো ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পর সমতা ফেরায় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন জার্কজি। লম্বা সময় পর গোল পেলেন তিনি।

৬৩তম মিনিটে জয়সূচক গোল পায় ইউনাইটেড। ফ্রি কিকে জোরাল শট না নিয়ে ফের্নান্দেস খুঁজে নেন পাশেই থাকা মাউন্টকে। তিনি গতিময় নিচু শটে বল পাঠান জালে। প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলা প্যালেস গোলরক্ষক ডাইভ দিয়ে বলের নাগাল পাননি।

ম্যাচের শেষ দিকে লুক শর জায়গায় মাঠে আসেন লিসান্দ্রো মার্তিনেস। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ৩০১ দিন পর প্রিমিয়ার লিগে খেলতে নামলেন। এসিএল চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি।  

শেষ দিকে বেশ চেপে ধরলেও ঘরের মাঠে ১৩ ম্যাচের মধ্যে প্রথম হার এড়াতে পারেনি প্যালেস।