১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফুটবলারদের আয়ের শীর্ষে রোনালদো, সেরা দশে ইয়ামাল

সেরা দশে আছেন মহাতারকা লিওনেল মেসি, সঙ্গী রেয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়।

ফুটবলারদের আয়ের শীর্ষে রোনালদো, সেরা দশে ইয়ামাল
লিওনেল মেসির দ্বিগুণের বেশি আয় নিয়ে শীর্ষে ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 11:41 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

অ‍্যাথলেটদের মধ‍্যে আয়ের শীর্ষে থাকায় স্বাভাবিকভাবেই ফুটবলারদের মধ‍্যে চূড়ায় আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেরা দশে ঢুকেছেন বার্সেলোনার তরুণ স্প‍্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

ফোর্বস সাময়িকী প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় দুই নম্বরে আছেন লিওনেল মেসি। 

সৌদি প্রো লিগের দল আল নাস্‌রের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো রোনালদোর এই বছরের আয় ২৮ কোটি ইউরো। গত মে মাসে প্রকাশিত সবচেয়ে বেশি আয় করা অ‍্যাথলেটদের তালিকায় তৃতীয়বারের মতো শীর্ষে জায়গা করে নেন তিনি। ক‍্যারিয়ারে হাজার গোলের লক্ষ‍্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। 

তার দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী মেসির আয় বছরে ১৩ কোটি। ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের আয়ের বেশিরভাগই মাঠের বাইরের চুক্তি থেকে আসে। অ‍্যাডিডাস, লেইস, মাস্টারকার্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আছে মেসির। গত বছর একটি স্পোর্টস ড্রিংকও এনেছেন আর্জেন্টাইন মহাতারকা। 

সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়া ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ১০ কোটি ৪০ লাখ ইউরো আয় নিয়ে আছেন তিনে। সেরা পাঁচে থাকা অন‍্য দুই জন হলেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে (৯ কোটি ৫০ লাণ ইউরো) ও ম‍্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড (৮ কোটি ইউরো)।

এই তালিকায় চমক ইয়ামালের উপস্থিতি। দুর্দান্ত উত্থানে ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া স্প‍্যানিশ ফরোয়ার্ড আছেন দশম স্থানে।

ফোবর্স বলছে, বিস্ট বাই ড্রে, অ‍্যাডিডাস, কোনামি এবং পাওয়ারএডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে ইয়ামাল বছরে আয় ৪ কোটি ৩০ লাখ ইউরো। তার সঙ্গে নতুন চুক্তি করেছে গত মৌসুমে ঘরোয় ট্রেবল জেতা বার্সেলোনা, চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত।   

ছয় নম্বরে আছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র (৬ কোটি ইউরো), সাতে লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ (৫ কোটি ৫০ লাখ ইউরো)। 

সেরা দশে থাকা বাকি দুই জন হলেন আল নাস্‌রের ফরোয়ার্ সাদিও মানে (৫ কোটি ৪০ লাখ ইউরো) ও রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ‍্যাম (৪ কোটি ৪০ লাখ ইউরো)।