২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রেয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ‘একইরকম আছে’ আলোন্সোর

ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আগের মতোই ভালো আছে বলে দাবি করলেন শাবি আলোন্সো।

রেয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ‘একইরকম আছে’ আলোন্সোর
শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

আলাভেসের বিপক্ষে জিততে ব্যর্থ হলেই ছাঁটাই করা হতে পারে শাবি আলোন্সোকে- ম্যাচের আগে এমন খবর ছড়িয়ে পড়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যমে। ম্যাচটি জয়ের পর কি তাহলে এখন চাকরি নিরাপদ রেয়াল মাদ্রিদ কোচের? দলটির সাবেক এই মিডফিল্ডার বললেন, ম্যাচের আগে ও পরে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই ভালো আছে বলে দাবি করলেন তিনি। 

আলাভেসের বিপক্ষে ম্যাচটির আগে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের মাত্র দুটিতে জিততে পেরেছিল রেয়াল। সবশেষ দুই ম্যাচেই হেরেছিল ঘরের মাঠে। আলোন্সোর ওপর চাপ তাই ক্রমেই বাড়ছিল। 

ভীষণ কঠিন সময়ে আলোন্সোর জন্য কিছুটা স্বস্তি হয়ে আসে আলাভেসের বিপক্ষে জয়। গত রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে আনে মাদ্রিদের দলটি। 

কোপা দেল রের শেষ বত্রিশে বুধবার তৃতীয় স্তরের দল আর সিএফ তালাভেরার মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আলোন্সো বললেন, সবার সঙ্গে ভালো যোগাযোগ আছে তার।  

“আলাভেসের বিপক্ষে জয়ের পর ক্লাব আমাকে বলেছে কি-না যে আমার চাকরি নিরাপদ? ম্যাচের আগে ও পরের পরিস্থিতি একই রকম আছে। আমাদের মধ্যে ভালো যোগাযোগ থাকে। আমরা একসঙ্গে কাজ করি, প্রত্যেকেই তাদের ভূমিকা পালন করি।"

৩২ বছরের মধ্যে প্রথমবার কোপা দেল রের শেষ বত্রিশে পা রাখা তালাভেরা প্রথমবারের মতো রেয়ালের মুখোমুখি হবে। দলটিকে হালকাভাবে নিচ্ছেন না আলোন্সো।

“আমরা জানি, কাপ একটি বিশেষ প্রতিযোগিতা, যা তালাভেরার মতো দলের মুখোমুখি হওয়ার সুযোগ করে দেয়, কিন্তু এখানে বড় চমকও দেখা যায়। আমরা সবসময়ের মতো (প্রতিপক্ষের প্রতি) একই সম্মান ও একই প্রস্তুতি নিয়ে খেলতে যাচ্ছি। আমরা প্রস্তুত।”