‘আমি মেসি নই’, সমালোচকদের তোপ দাগলেন রেয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা
আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান ফুটবলার বললেন, সমালোচনাই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে।
চ্যাম্পিয়ন্স লিগে ক্যারিয়ারের প্রথম গোল করার পর সমালোচকদের পাল্টা জবাব দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান ফুটবলার বললেন, নিজেকে লিওনেল মেসি কিংবা রেয়াল মাদ্রিদের সবচেয়ে বাজে খেলোয়াড় হিসেবে দেখেন না তিনি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মোনাকোর বিপক্ষে ৬-১ ব্যবধানের দাপুটে জয়ে দলের তৃতীয় গোলটি করেন মাস্তানতুয়োনো। শুরুর একাদশে নেমে ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়ার আগ পর্যন্ত বেশ ভালো খেলেন ১৮ বছর বয়সী ফুটবলার। মাঠ ছাড়ার সময় সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদন জানায় তাকে।
দারুণ প্রতিভাবান এই ফুটবলারকে নিয়ে কৌতূহলের কমতি নেই। ক্যারিয়ারের শুরুতে ‘বিস্ময় বালক’, ‘নতুন মেসি’, এরকম নানা নাম পান তিনি আর্জেন্টিনার ফুটবলে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিসহ ইউরোপের আরও বেশ কিছু ক্লাব তাকে দলে পেতে ছিল আগ্রহী। সেই লড়াইয়ে জয়ী হয় রেয়াল মাদ্রিদ।
রিভার প্লেট থেকে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ছয় বছরের চুক্তিতে ইউরোপের সফলতম ক্লাবে নাম লেখান তিনি। বয়স ১৮ পূর্ণ হওয়ার পর গত বছরের অগাস্টে তিনি আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাবটিতে পা রাখেন।
তবে তিনি দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না, এত অর্থ খরচ করে তাকে দলে নেওয়া ঠিক হয়নি- এমন নানা খবর বিভিন্ন সময়ে বেরিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। সইতে হয়েছে তাকে তীব্র সমালোচনা।
মোনাকোর বিপক্ষে জয়ের পর সমালোচকদের পাল্টা তোপ দাগেন মাস্তানতুয়োনো। বলেন, সমালোচনাই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে।
“যখন আমি ছোট ছিলাম, তখন থেকেই লোকেরা আমার খেলা নিয়ে কথা বলেছে; বলা হয়েছে আমি নতুন মেসি, আবার কেউ কেউ বলেছে আমি রেয়াল মাদ্রিদের সবচেয়ে বাজে চুক্তি। তবে আমি নিজেকে মেসির সমতূল্য মনে করি না এবং রেয়াল মাদ্রিদের সবচেয়ে বাজে চুক্তিও মনে করি না। আমার সেরাটা বের করে আনতে কাজ করি আমি, জানি আমি সেটা পারি।”
“আমি এমন সব সমালোচনা শুনেছি, যা আমি ভুলিনি, এসবই আমাকে আরও ভালো ও শক্তিশালী করে তোলে। আজ আমি আরেকটু ভারমুক্ত হতে পেরেছি এবং রেয়াল মাদ্রিদে নিজেকে যেভাবে দেখাতে চাই, তা দেখাতে পেরেছি।”
রেয়ালের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে তিনি গোল করেছেন মাস্তানতুয়োনো। শুরুর একাদশে খেলেছেন তিনি ১২টি ম্যাচে।
