২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আতঙ্কিত না হয়ে সতীর্থদের উন্নতির তাগিদ দিলেন লিভারপুল অধিনায়ক

গালাতাসারাইয়ের কাছে হারের পর হতাশা লুকাননি ক্লাবটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

আতঙ্কিত না হয়ে সতীর্থদের উন্নতির তাগিদ দিলেন লিভারপুল অধিনায়ক
হারের পর প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে হাত মেলাচ্ছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 04:22 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ঘরোয়া লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পরাজয়ের ৭২ ঘণ্টা পর চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষেও হারের ধাক্কা। পরপর দুটি অপ্রত্যাশিত ফলে লিভারপুল শিবিরে আত্মবিশ্বাসে বড় চোট লাগারই কথা। তবে সতীর্থদের অজানা আশঙ্কায় ভীত না হয়ে, উন্নতির তাগিদ দিলেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে লিগ পর্বের ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। একমাত্র গোলটি করেছেন ভিক্টর ওসিমেন।

এটা ছিল মৌসুমে লিভারপুলের টানা দ্বিতীয় হার। এর আগে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অন্তিম সময়ের গোলে হেরে যায় আর্না স্লটের দল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে জয়ে ফেরার আশায় মাঠে নেমে জোর ধাক্কা খেল তারা।

টানা দুই ম্যাচ হারের পর অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপকালে নিজেদের পারফরম্যান্সের সমালোচনা করেন ডাচ সেন্টার-ব্যাক ফন ডাইক।

“আমি হারতে অপছন্দ করি। অবশ্য ভয়ের কিছু নেই, তবে অবশ্যই দলের উন্নতি দরকার। সপ্তাহান্তের ম্যাচের তুলনায় (এই ম্যাচে) খেলোয়াড়দের মানসিকতা ও কঠোর পরিশ্রমে অনেক উন্নতি দেখা গেছে। অবশ্য এটাও খুব কঠিনও ছিল না, কারণ (প্যালেসের বিপক্ষে) আমাদের পারফরম্যান্স ছিল বাজে।”

“আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে, প্রতিপক্ষকে পেনাল্টি দেওয়া যাবে না এবং অযথা ভুলগুলো এড়াতে হবে। এগুলো বলা খুব সহজ, কিন্তু বাস্তবে করা কঠিন। এটা একটা প্রক্রিয়া, এর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পরিশ্রম করে যেতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। এখন সেটাই একমাত্র কাজ।”

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত জয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছিল লিভারপুল। পরের ম্যাচেই এই হারে পয়েন্ট তালিকায় বেশ পিছিয়ে গেছে তারা। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে দলটি।