ইতালির ডাগআউটে ফিরছেন মানচিনি, খবর রয়টার্সের
এফআইজিসি প্রেসিডেন্ট নাকি একটা সভা চলাকালীন বিষয়টি জানিয়েছেন।
ইতালির ঘুরে দাঁড়ানোর মিশনে সম্ভাব্য কোচের তালিকা থেকে পেপ গুয়ার্দিওলা ও আন্দ্রেয়া পিরলো বাদ পড়ার পর, এবার সামনে এসেছে রবের্তো মানচিনির নাম। সূত্রের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, দেশটির সাবেক এই কোচ দ্বিতীয় মেয়াদে দলটির ডাগআউটে ফিরতে যাচ্ছেন।
গত এপ্রিলে বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় ইতালি। এরপরই দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ান জেন্নারো গাত্তুসো।
কেবল কোচের পদেই নয়, দলের আরও কয়েকটি পদে এবং ইতালিয়ান ফুটবল ফেডারেশনেও শীর্ষ পদসহ আরও কয়েকটি পর্যায়ে পরিবর্তন আসে।
সেই থেকে নতুন কোচের সন্ধানে আছে সংস্থাটি। প্রথমে কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দেয় তারা, কিন্তু ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। এরপর পেপ গুয়ার্দিওলার নাম নিয়ে চলে জোর আলোচনা; কিন্তু তিনিও ‘না’ বলে দেন।
কয়েকদিন শোনা যায় আন্দ্রেয়া পিরলোর কোচ হওয়ার গুঞ্জন। কিন্তু রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক থাকায়, সেই প্রক্রিয়াও ভেস্তে যায়।
এবার আলোচনার টেবিলে মানচিনি। ইতালিয়ান গণমাধ্যমের খবর, দেশটির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট জিওভান্নি মালাগো একটা ফেডারেল কাউন্সিলের সভা চলাকালীন জানান, “মানচিনিই নতুন কোচ।”
এর আগে ২০১৮ সালের মে থেকে ২০২৩ সালের অগাস্ট পর্যন্ত ইতালি পুরুষ জাতীয় দলের কোচ ছিলেন মানচিনি। তার হাত ধরেই, ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স মেলে ধরে চ্যাম্পিয়ন হয়েছিল দেশটি।
তার প্রথম মেয়াদের কোচিংয়ে মোট ৫৮টি ম্যাচ খেলেছিল ইতালি।
এছাড়া ইন্টার মিলান, ফিওরেন্তিনা ও ম্যানচেস্টার সিটির মতো দলে কোচ ছিলেন মানচিনি। তিন বছর সিটির দায়িত্বে ছিলেন তিনি এবং তার কোচিংয়েই ২০১১-১২ মৌসুমে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার স্বাদ পায় সিটি।
