১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের মাঠে ঘুরে দাঁড়িয়ে সেমিতে যাওয়ার আশায় আরবেলোয়া

‘কোনো দল এই স্টেডিয়ামে এসে ঘুরে দাঁড়াতে পারলে, সেটা আমরাই’, আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন রেয়াল মাদ্রিদ কোচ।

বায়ার্নের মাঠে ঘুরে দাঁড়িয়ে সেমিতে যাওয়ার আশায় আরবেলোয়া
আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 07:55 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ের আগে আত্মবিশ্বাসের কমতি নেই আলভারো আরবেলোয়ার। রেয়াল মাদ্রিদ কোচের দৃঢ় বিশ্বাস, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে সেমি-ফাইনালে উঠতে পারবেন তারা। 

কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বুধবার বায়ানের মাঠে খেলবে রেয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা।

ব্যবধানটা বড় নয়। আর চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের ঘুরে দাঁড়ানোর নজিরও কম নেই। এবারও প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী আরবেলোয়া।

“আমরা রেয়াল মাদ্রিদ। কোনো দল এই স্টেডিয়ামে এসে ঘুরে দাঁড়াতে পারলে, সেটা আমরাই। আমরা এমন এক দল যারা কখনও হাল ছাড়ি না, ১৫ বারের ইউরোপিয়ান কাপ জয়ী। আমরা মাদ্রিদ এবং আমরা জয় নিয়ে ফিরব।”

এজন্য খেলোয়াড়দের সব দিক থেকেই সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার আহ্বান জানালেন রেয়াল মাদ্রিদ কোচ।

“এটা এমন একটা ম্যাচ যেখানে আমাদের আবেগ, মানসিকতা, কৌশলগত ও শারীরিক- সব দিক থেকেই সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। আমাদের খুব উঁচু মানের পারফরম্যান্স উপহার দিতে হবে। আমাদের ব্যক্তিগত ও দলগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। এমন একটি স্টেডিয়ামে শক্তিশালী দলের বিপক্ষে আমাদের এভাবেই খেলতে হবে।”

বায়ার্নের মাঠে জিততে অলৌকিক কিছুর প্রয়োজন আছে বলে মনে করেন না আরবেলোয়া। 

“আমার মনে হয় না আমাদের অলৌকিক কিছু করার প্রয়োজন আছে। সেদিন (প্রথম লেগে) যদি আমরা জিততাম, তাতে অবাক হওয়ার কিছু থাকত না। তাদের গোলরক্ষক ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিল, যা আমাদের সুযোগগুলোর কথাই বলে দেয়। যারা রেয়াল মাদ্রিদকে চেনে, তারা কেউই এখানে জেতাকে অলৌকিক ঘটনা বলে মনে করবে না।”