Published : 21 Nov 2025, 11:29 PM
পল পগবার দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবার এএস মোনাকোর স্কোয়াডে রাখা হয়েছে তাকে। দুই বছরের বেশি সময় পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার খুব কাছে এখন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার।
লিগ আঁয় শনিবার রেনের মাঠে খেলবে মোনাকো। এই ম্যাচের স্কোয়াডে ৩২ বছর বয়সী পগবাকে রেখেছেন দলটির কোচ সেবাস্তিয়েন পোকোনিওলি।
দুই বছরের চুক্তিতে গত জুনের শেষ দিকে মোনাকোর সঙ্গে চুক্তিবদ্ধ হন পগবা। চুক্তি স্বাক্ষরের আয়োজনে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রতিযোগিতামূলক ফুটবলে তাকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে।
ক্যারিয়ারজুড়ে অনেক বিতর্কে জড়ানো পগবা ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। পরে আপিলে তা কমিয়ে আনা হয় দেড় বছরে।
গত মাসে মোনাকোর জার্সিতে অভিষেকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু অ্যাঙ্কেলের চোটে অপেক্ষা বাড়ে তার। অবশেষে ফুরাচ্ছে তার প্রতীক্ষা।