২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 20 May 2026, 08:34 AM
কেউ পায়ের কারিকুরিতে, কেউ বা গতিতে, কেউ আবার এই দুইয়ের মিশেলে কিংবা কেউ রক্ষণে দুর্দান্ত কার্যকারিতায় তারুণ্যেই ঝলক দেখিয়ে চলেছেন। ক্যারিয়ারের শুরুতেই উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। ক্লাব ফুটবলে ইতোমধ্যে তারা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে পেরেছেন, জাতীয় দলেও দিয়েছেন দুর্দান্ত কিছু করে দেখানোর আভাস। সেই সম্ভাবনাকেই এবার পূর্ণতা দেওয়ার পালা, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ- বিশ্বকাপে।
উত্তর আমেরিকার বিশ্বকাপ সামনে রেখে প্রতিভাধর তরুণ তারকাদের নিয়ে ফিফার বিশেষ আয়োজন বিশ্বকাপের বিস্ময়বালক। এই পর্বে আছেন ফরাসি রাইট উইঙ্গার দিজিরে দুয়ে।
জন্ম তারিখ: ৮ মার্চ, ২০০৬
দল: ফ্রান্স ও পিএসজি
আন্তর্জাতিক ফুটবলে অভিষেক: ২৩ মার্চ ২০২৫, ক্রোয়েশিয়ার বিপক্ষে (১৯ বছর বয়সে)
পজিশন: অ্যাটাকিং মিডফিল্ডার/ উইঙ্গার
বিশেষ দক্ষতা: টেকনিক, বহুমাত্রিক প্রতিভা ও সৃজনশীলতা।

কেন বিশ্বকাপের সেনসেশন হয়ে উঠতে পারেন দুয়ে?
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যখন স্বপ্ন ভাঙে ফ্রান্সের, দুয়ের বয়স তখন ১৭। তার পেশাদার ক্যারিয়ারের পথচলা কেবলই তখন শুরু। চার বছর পর এখন দেশের হয়ে বিশ্বকাপ খেলার হাতছানি তার সামনে। ফ্রান্সের ভবিষ্যৎ তারকাদের একজন মনে করা হচ্ছে তাকে।
রেনের একাডেমিতে বেড়ে ওঠা দুয়ের সিনিয়র ফুটবলে অভিষেক ক্লাবটির হয়েই, ২০২২ সালে। দুই বছর পর ফ্রান্সের সফলতম ক্লাব পিএসজিতে পাড়ি জমান তিনি। অল্প সময়েই দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই রাইট উইঙ্গার।
সবুজ গালিচায় দুয়ের পায়ের কারিকুরি মুগ্ধতা ছড়াচ্ছে। দ্যুতিময় পারফরম্যান্সে পাচ্ছেন প্রশংসা। বিশেষ করে, বড় মঞ্চের কঠিন চ্যালেঞ্জে জ্বলে ওঠার এক দারুণ ক্ষমতা রয়েছে তার।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেমন নিজেকে মেলে ধরেন দুয়ে। ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে পিএসজির প্রথম ইউরোপ সেরার মুকুট জয়ের পথে দুটি গোল করেন তিনি। সতীর্থের একটি গোলেও রাখেন অবদান।
সেবার চ্যাম্পিয়ন্স লিগে ১৬ ম্যাচ খেলে পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন দুয়ে। ফাইনালের সেরা ফুটবলারের পাশাপাশি আসরের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।
গত মৌসুমে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১ ম্যাচ খেলে ১৬টি করে গোল ও অ্যাসিস্ট করেন দুয়ে। দলের লিগ শিরোপা জয়েও বড় অবদান রেখে জেতেন লিগ আঁর সেরা তরুণ ফুটবলারের পুরস্কার।
এছাড়া ক্লাব বিশ্বকাপের তরুণ ফুটবলার ও তুত্তোস্পোর্তের ‘গোল্ডেন বয়’ পুরস্কার পান ২০ বছর বয়সী দুয়ে।
চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন দুয়ে। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ১২ গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি।
নেশন্স লিগ দিয়ে ২০২৫ সালের মার্চে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন দুয়ে। ওই প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি এই তরুণ। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের অবশ্য কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।
গত মার্চে জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নামেন দুয়ে এবং গোলের খাতাও খোলেন। কলম্বিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে দুটি গোল করেন তিনি।
কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসের মতো তারকা সতীর্থদের সঙ্গে বিশ্ব জয়ের লক্ষ্যে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন দুয়ে।

কোচ ও সাবেকদের চোখে দুয়ে
“মাঠের যেখানেই খেলুক না কেন, রেনেতে খেলার সময়ই তার মান আমরা দেখেছি। তার কৌশল, শারীরিক সক্ষমতা ও দৃঢ় মনোভাব অসাধারণ। এখন সে কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে। তার এখনও অনেক কিছু শেখার আছে এবং ব্যক্তিগতভাবে ও দলের অংশ হয়ে সে তা করবে। উন্নতি করার এবং শীর্ষ পর্যায়ের ম্যাচে খেলার জন্য আমার মনে হয় সে সঠিক ক্লাবেই আছে।”
- লুইস এনরিকে, পিএসজি কোচ
“সে চমৎকার এক ছেলে, দারুণ একজন খেলোয়াড়। আমরা সবাই তার মান সম্পর্কে জানি।”
- মার্কিনিয়োস, পিএসজি অধিনায়ক
“তার সঙ্গে খেলতে পারা দারুণ ব্যাপার। সে সবাইকে মুগ্ধ করে এবং আশা করি, সামনেও সে আমাদের সাহায্য করে যাবে।”
- পিএসজির সতীর্থ ভিতিনিয়া
“তার কৌশল, ফিনিশিং এবং (আক্রমণের সময়) প্রতিপক্ষের সীমানায় ফাঁকা জায়গা খুঁজে পজিশন নেওয়ার তার যে সক্ষমতা, সবাই তা দেখছে। তবে আমার কাছে তার যেটা অসাধারণ লেগেছে তা হলো, শট নেওয়ার আগ মুহূর্তে কেউ ধাক্কা দিলেও ওর শক্তি বৃদ্ধির ক্ষমতা। বিশ্বাস করুন, এটা মোটেও সহজ কাজ নয়।”
- ফরাসি গ্রেট থিয়েরি অঁরি
“আমার মতে, সে খুব দ্রুত উন্নতি করেছে। নিজের খেলায় অনেক কিছু যোগ করেছে সে। প্রতিপক্ষকে কাটিয়ে বেরিয়ে যেতে পারে, মাঠের দুই পাশেই খেলতে পারে। মাঝমাঠেও খেলতে পারে সে।”
- দিদিয়ে দেশম, ফ্রান্স কোচ
“অনেকে তাকে সুপারস্টার মনে করলেও, আমি কখনোই তাকে সেভাবে দেখি না। আমার কাছে সে এখনও আমার ছোট ভাই। স্বাভাবিকভাবে, মাঠে তাকে অন্যদের ছাপিয়ে যেতে বা উজ্জ্বল পারফর্ম করতে দেখাটা অনুপ্রেরণার আর উদ্দীপনার। আমিও তেমনটা করতে চেয়েছিলাম!”
- গুয়েলা দুয়ে, দিজিরে দুয়ের বড় ভাই

দুয়ের সম্ভাব্য বিশ্বকাপ অভিযান
৪৮ দলের বিশ্বকাপে ‘আই’ গ্রুপে পড়েছে ফ্রান্স। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইরাক, সেনেগাল ও নরওয়ে।
মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফরাসিদের বিশ্বকাপ অভিযান। ২২ জুন ফিলাডেলফিয়ায় তারা ইরাকের মুখোমুখি হবে। বস্টনে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ২৬ জুন, প্রতিপক্ষ নরওয়ে।