১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভুলের জন্য ইউভেন্তুসের কাছে দুঃখ প্রকাশ করল রেফারিদের সংগঠন

ইউভেন্তুসের পিয়েরে কালুলুকে লাল কার্ড দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক উঠেছিল।

ভুলের জন্য ইউভেন্তুসের কাছে দুঃখ প্রকাশ করল রেফারিদের সংগঠন
পিয়েরে কালুলুকে লাল কার্ড দেখান রেফারি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 07:51 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ইন্টার মিলান ও ইউভেন্তুস ম্যাচে পিয়েরে কালুলুর লাল কার্ড ঘিরে ওঠা বিতর্কের পর নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে রেফারিদের সংগঠন (এআইএ)। ইউভেন্তুসের কাছে দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি জানলুকা রচ্চি।

সেরি আ’য় ইন্টার মিলান ও ইউভেন্তুসের মধ্যকার ম্যাচের ৪২তম মিনিটে কালুলুকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফানি ফেদেরিকো লা পেন্না। ম্যাচটি ইউভেন্তুস শেষ পর্যন্ত হেরে যায় ৩-২ গোলে।

কালুলুর প্রথম হলুদ কার্ড নিয়েও ছিল প্রশ্ন। ইতালির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, প্রথম হলুদ কার্ডের সময় তিনি প্রতিপক্ষকে কড়া ট্যাকেল করেননি। তার দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে লেখা হয়েছে ‘অযৌক্তিক।’ 

এমন দাবির পেছনে কারণ, ইন্টারের আলেস্সান্দ্রো বাস্তোনি ছলচাতুরির আশ্রয় নিয়েছিলেন। ওই সময় ডাইভ দিয়ে তিনি রেফারিকে ‘প্ররোচিত’ করেছিলেন কালুলুকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাতে। 

রেফারির ভুল সত্ত্বেও ভিএআরে ওই সময় সিদ্ধান্ত যাচাই করা হয়নি। এর কারণ মূলত, এটি ছিল দ্বিতীয় হলুদ কার্ড এবং সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত না হওয়ায়। ইতোমধ্যে অবশ্য খবর এসেছে, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফেব্রুয়ারির শেষ দিকে তাদের বার্ষিক সভায় এই নিয়ম পরিবর্তনের চেষ্টা করবে।

নিয়ম বদলের আগেই নিজেদের ভুল স্বীকার করে ইউভেন্তুসের কাছে ক্ষমা চেয়েছেন এআইএর সভাপতি রচ্চি। লা পেন্না নিজের ভুলের জন্য ‘অনুতপ্ত ও বিচলিত’ বলে জানান তিনি।

“ওই সিদ্ধান্ত নিয়ে আমরা ভীষণ দুঃখিত। লা পেন্নার সিদ্ধান্তটি ছিল পরিষ্কার ভুল এবং সিদ্ধান্তটি সুরাহার জন্য আমরা ভিএআর ব্যবহার করতে পারিনি। সে তার ভুলের জন্য অনুতপ্ত ও বিচলিত।”