‘অন্যদের সঙ্গে নিয়ে রেয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবে এমবাপে’
কিলিয়ান এমবাপেকে নিয়ে দারুণ আশাবাদী রেয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কারিম বেনজেমা।
রেয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে আলো ঝলমলে পারফরম্যান্সের পর এবারও দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপে। এই তারকাকে নিয়ে খুবই আশাবাদী দলটির সাবেক স্ট্রাইকার কারিম বেনজেমা। ২০২২ সালের ব্যালন দ’র জয়ীর বিশ্বাস, সতীর্থদের সঙ্গে নিয়ে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধার করবেন তার স্বদেশী ফরোয়ার্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপের গোল করার সামর্থ্যের প্রশংসা করেন বেনজেমা। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে খেলা ৩৭ বছর বয়সী এই ফুটবলার অবশ্য এটাও বলেন যে, বড় ম্যাচগুলোতে গোল করতে হবে এমবাপেকে।
“সে এখন আরও ভালো; গোল করা তার জন্য নতুন কিছু নয়। সে পিএসজিতেও গোল করেছে, রেয়াল মাদ্রিদে আরও বেশি করবে। আমরা কিলিয়ানের কাছ থেকে যা আশা করি তা হলো, যখন সে সুযোগ পাবে, তখন তা কাজে লাগাবে। রেয়াল মাদ্রিদের তাকে অনেক বেশি প্রয়োজন। এমন কিছু ম্যাচ আছে যেখানে তাকে গোল করতে হবে, যেমন আতলেতিকো মাদ্রিদ, লিভারপুলের বিপক্ষে। এই দলগুলোর বিপক্ষে তাকে এগিয়ে আসতে হবে।
“তাকে ভিনিসিউসের সঙ্গে মিলে কাজ করতে হবে। রেয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলার জন্য এমবাপের দিকে তাকিয়ে আছে। আমার মনে হয় সে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে নিয়ে কাজটা করতে পারবে। সে একা পারবে না। ভিনিসিউস, অন্যান্য খেলোয়াড়দের তার প্রয়োজন।”
রেয়ালের হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ১৮ গোল করেছেন এমবাপে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ফরাসি তারকার গোল ৫টি।
