Published : 06 Aug 2026, 07:16 PM
সন্দেহভাজন ডাকাতদের পিটুনিতে নিহত হয়েছেন উগান্ডার তারকা ফুটবলার ডেভিড ওওয়োরি। ২৭ বছর বয়সী এই খেলোয়াড়ের মৃত্যুতে আফ্রিকার দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।
রাজধানী কাম্পালায় ওওয়োরির নিজ বাড়ির কাছে ঘটে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র চুরির চেষ্টা প্রতিহত করায় ওওয়োরিকে ব্যাপক মারধর করা হয়। এই ঘটনায় উগান্ডায় সহিংস অপরাধ নিয়ে জনগণের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উগান্ডা প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়ন স্পোর্টস ক্লাব (এসসি) ভিলার অধিনায়ক ছিলেন ওওয়োরি। দলটিতে রাইট-ব্যাক ও মিডফিল্ডার, দুই ভূমিকাতেই খেলতেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্লাবটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে একদল হামলাকারী ওওয়োরিকে পাথর দিয়ে আঘাত করে তার জিনিসপত্র লুট করে এবং তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
তাকে দ্রুত নিকটবর্তী একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বুধবার তার মৃত্যু হয়।
স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানান, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দারা বিভিন্ন সূত্র ধরে তদন্ত করছেন।
পূর্ব আফ্রিকার দেশটির রাজধানীতে অপরাধ ব্যাপক আকার ধারণ করেছে। ওওয়োরির মৃত্যুতে অনেক উগান্ডাবাসী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। অপরাধ দমনে কর্তৃপক্ষের ব্যর্থতারও নিন্দা করেছেন তারা।
গত জুনে দেশটিতে আরেকজন জনপ্রিয় ক্রীড়াবিদ নিহত হন। পুলিশের মতে, ওই রাগবি খেলোয়াড়ও কাম্পালায় একদল লোকের আক্রমণের শিকার হয়ে মারা যান। তাকে সম্ভবত চোর ভেবে ভুল করা হয়েছিল।