১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তে আসেন্সিওকে হারাল রেয়াল

চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগ খেলতে স্প্যানিশ ডিফেন্ডারকে ছাড়াই জার্মানিতে গেছে স্প্যানিশ ক্লাবটি।

শেষ মুহূর্তে আসেন্সিওকে হারাল রেয়াল
জিরোনার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন রাউল আসেন্সিও (মাঝে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 07:37 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগের জন্য দলের সঙ্গে জার্মানিতে যেতে পারলেন না রাউল আসেন্সিও। পেটের সমস্যায় শেষ মুহূর্তে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াই থেকে ছিটকে গেলেন রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার।

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে গত মঙ্গলবার বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হারে রেয়াল। ওই ম্যাচের স্কোয়াডে ছিলেন ২৩ বছর বয়সী স্প্যানিশ সেন্টার-ব্যাক। কিন্তু তাকে খেলাননি কোচ আলভারো আরবেলোয়া।

পরে গত শুক্রবার জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচটিতে পুরো সময় খেলেন আসেন্সিও। ১-১ সমতায় শেষ হয়ে দুই দলের সেই লড়াই।

সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার কঠিন চ্যালেঞ্জে আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ আটের ফিরতি লেগে বুধবার বায়ার্নের মুখোমুখি হবে রেয়াল। এরই মধ্যে জার্মানিতে পৌঁছে গেছে ইউরোপের সফলতম দলটি। কিন্তু সতীর্থদের সঙ্গে যেতে পারলেন না আসেন্সিও।

স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে সফর করছেন অহেলিয়া চুয়ামেনি। প্রথম লেগে হলুদ কার্ড দেখা ফরাসি মিডফিল্ডার এই ম্যাচ খেলতে পারবেন না। তবে সাইডলাইনে দাঁড়িয়ে সতীর্থদের উৎসাহ দেওয়ার কাজটি করতে পারবেন তিনি।