Published : 08 Sep 2026, 05:37 PM
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম বুঝে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ উপলক্ষে মঙ্গলবার এনএসসি ভবনে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।
বাফুফের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে সংস্থাটির পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।
এই চুক্তির আওতায় দুটি স্টেডিয়ামের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব পেল বাফুফে। তবে, কেবল ফুটবলের জন্য নয়, অন্য ফেডারেশনগুলোও এনএসসির অনুমতি নিয়ে এই স্টেডিয়ামগুলোতে তাদের ইভেন্ট আয়োজন করতে পারবে।
এই অনুষ্ঠানে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই উদ্যোগগুলো দেশের ক্রীড়াঙ্গণকে সামনের দিকে এগিয়ে নেবে বলে আশাবাদ জানান তিনি।
“দেশের ক্রীড়াঙ্গনে নতুনভাবে পথচলা শুরু হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবে বলে আমরা আশা করি।
“আমরা জিরো থেকে শুরু করেছি। জাতীয় স্টেডিয়াম থেকে শুরু করে কমলাপুর স্টেডিয়াম বা সিলেটসহ সারা দেশের স্টেডিয়ামগুলোতে যাতে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেই দিকে নজর দিচ্ছি আমরা।”