Published : 08 Sep 2026, 10:49 PM
খুব ভালো একটি মৌসুম কাটানো হ্যারি কেইনকে ব্যালন দ’রের প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন উসমান দেম্বেলে। তবে গতবারের বিজয়ী পিএসজির এই তারকার বিশ্বাস, এবারও তার ক্লাবেরই কেউ জিতবেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি।
২০২৪-২৫ মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রেখে এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করে ২০২৫ সালের ব্যালন দ’র জেতেন দেম্বেলে।
২০২৬ সালে পুরস্কারটি জয়ের জন্য ফরাসি সংবাদমাধ্যম লেকিপের পক্ষ থেকে দেম্বেলের কাছে তিন জন প্রার্থীর নাম জানতে চাওয়া হয়। এই ফরাসি তারকা কেইনের পাশাপাশি ক্লাব সতীর্থ খাভিচা কাভারাৎস্খেলিয়া ও রেয়াল মাদ্রিদের স্বদেশি কিলিয়ান এমবাপের নাম উল্লেখ করেন, যাদের কেউই এখনও এই পুরস্কার জেতেননি।
“আমি মনে করি না, এই ট্রফিটি নিয়ে পূর্বানুমান করা কঠিন। আমি মনে করি, এটি পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই থাকবে।”
২৯ বছর বয়সী এই খেলোয়াড় জোর দিয়ে বলেছেন, তার পছন্দের শীর্ষ তিন জনের তালিকায় কোনো নির্দিষ্ট ক্রম নেই। একই সঙ্গে স্বীকার করে নিয়েছেন যে, সুযোগ পেলেও তিনি নিজেকে বেছে নিতেন না।
তার সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি থাকবেন কি না, জানতে চাইলে দেম্বেলে বলেন, “আমার তা মনে হয় না।” তবে মাইকেল ওলিসে, লামিন ইয়ামাল, ফাবিয়া রুইস ও উইলিয়ান পাচো- প্রত্যেকেরই এই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দেম্বেলে।
সোমবার এমবাপে বলেন, তিনি হয়তো এই বছর পুরস্কারটি জিতবেন। গত মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও, ক্লাব ও জাতীয় দলের হয়ে কোনো শিরোপা তিনি জিততে পারেননি।
অনেকেই পুরস্কারটি জয়ের ক্ষেত্রে এগিয়ে রাখছেন কেইনকে। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়ে বড় অবদান রাখা এই ইংলিশ তারকা ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোল করেন মোট ৭৩টি।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন দ’র ২০২৬ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে মঙ্গলবার। আগামী ২৬ অক্টোবর ঘোষণা করা হবে বিজয়ী।