১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘তোমার জন্য’, পানেনকা শটে গোল করে দিয়াসকে বললেন এমবাপে

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে পেনাল্টি থেকে গোল করতে না পারায় এবং মরক্কো হেরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন ব্রাহিম দিয়াস।

‘তোমার জন্য’, পানেনকা শটে গোল করে দিয়াসকে বললেন এমবাপে
জোড়া গোল করে রেয়াল মাদ্রিদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 07:30 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

আফ্রিকান নেশন্স কাপে দারুণ পারফরম্যান্সে দেশকে ফাইনালে তোলার পর, শিরোপা লড়াইয়ে সবচেয়ে বড় ভুলটা করেন ব্রাহিম দিয়াস। স্পট কিকে তার ব্যর্থতার পর হেরে যায় মরক্কো। সেই হতাশা সামলে রেয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে সতীর্থদের ভালোবাসা পেলেন এই ফরোয়ার্ড। পানেনকা শটে বল জালে জড়িয়ে তাকে উৎসর্গ করলেন কিলিয়ান এমবাপে।

গত সপ্তাহে শেষ হওয়া আফ্রিকান নেশন্স কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচের পর, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালেও একটি করে গোল করেন দিয়াস। কিন্তু ঘটনাবহুল ফাইনালে সুবর্ণ সুযোগ পেয়েও দলকে পথ দেখাতে পারেননি তিনি। 

সেই ম্যাচে নিজেরা জালে বল পাঠিয়েও বিতর্কিত ফাউলের সিদ্ধান্তে গোল না পাওয়ায় এবং এর পরপরই মরক্কোকে পেনাল্টি দেওয়ার ঘটনায় ক্ষেপে যায় সেনেগালের কোচ-খেলোয়াড়রা। মাঠ ছেড়ে চলে যান তারা। ফলে খেলা বন্ধ থাকে প্রায় ১৫ মিনিটের মতো। পরে অবশ্য দলটি মাঠে ফেরে এবং ওই স্পট কিক নেন দিয়াস; কিন্তু তার দুর্বল পানেনকা শট সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক। 

পরে অতিরিক্ত সময়ের গোল করে ১-০ ব্যবধানে জিতে ট্রফি উঁচিয়ে ধরে সেনেগাল। ঘরের মাঠেও চ্যাম্পিয়ন হতে না পারায় হতাশায় ডুবে যায় মরক্কো। সমালোচনার মুখে পড়েন দিয়াস।

পাহাড়সম হতাশা নিয়ে ক্লাবে ফিরে আসেন দিয়াস এবং ক্লাবে লম্বা বিরতির পর শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামেন তিনি। এমবাপের জোড়া গোলে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জেতে রেয়াল। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

৮০তম মিনিটে আর্দা গিলেরের বদলি নামেন দিয়াস। তখন ১-০ গোলে এগিয়ে ছিল রেয়াল। যোগ করা সময়ে ডি-বক্সে এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রেয়াল এবং পানেনকা শটে জয় নিশ্চিত করেন তিনি।

বল জালে পাঠিয়ে উদযাপনের ফাঁকে দিয়াসকে উদ্দেশ করে ফরাসি ফরোয়ার্ড বলতে থাকেন, “তোমার জন্য, তোমার জন্য।”

২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রেয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। কাতালান দলটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।