‘সাহসী’ রেসিংকে নিয়ে সতর্ক ফ্লিক
স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দ পেছনে রেখে কোপা দেল রের কঠিন লড়াইয়ে মনোযোগী বার্সেলোনা কোচ।
মৌসুমের প্রথম শিরোপা জিতলেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার কাছে এই সাফল্য এখন অতীত। কোপা দেল রের শেষ ষোলোর প্রতিপক্ষ রেসিং সান্তান্দেরকে নিয়ে ভীষণ সতর্ক তিনি। জার্মান কোচের মতে, ঘরের মাঠে খুব উজ্জীবিত থাকবে দ্বিতীয় স্তরের দলটি।
সৌদি আরবের জেদ্দায় গত রোববার ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখে বার্সেলোনা। সেই সাফল্য উপভোগ করার সময় খুব বেশি তারা পাচ্ছে না। বৃহস্পতিবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে রেসিংয়ের মুখোমুখি হবে কাতালান দলটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ বত্রিশে রেসিং হারিয়ে দিয়েছে ভিয়ারেয়ালকে, যারা লিগায় আছে তৃতীয় স্থানে, বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের পেছনে।
বার্সেলোনা যেমন লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, তেমনি লা লিগা-২ এর চূড়ায় আছে রেসিং। বুধবার সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, সাহসী ফুটবল খেলা রেসিংকে হারাতে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে তাদের।
“আমরা প্রথম শিরোপা জিতেছি, কিন্তু সেটা অতীত। রেসিং আমাদের হারাতে চাইবে এবং তারা (লা লিগায়) তৃতীয় স্থানে থাকা ভিয়ারেয়ালের বিপক্ষে খুব ভালো খেলেছে। আমাদের সেরাটা দিতে হবে।”
“তারা উজ্জীবিত থাকবে। তারা তরুণ, সাহসী দল, তারা ভালো খেলে... যখন তারা আমাদের স্বাগত জানাবে, তখন স্টেডিয়াম উজ্জীবিত থাকবে। এটা কাপ প্রতিযোগিতা। আমাদের শুরু থেকেই প্রস্তুত থাকতে হবে।”
বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর ছয় ক্লাসিকোর পাঁচটিতেই জিতেছেন ফ্লিক। অভিনন্দন জানাতে বার্সেলোনার রাস্তায় কি লোকজন থামিয়ে দেয় তাকে?
“কখনও কখনও পরিস্থিতি উপভোগ করতে হয়, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। বার্সেলোনার মানুষ চমৎকার। এখানে থাকাটা অসাধারণ। আমরা আমাদের দায়িত্ব জানি এবং কঠোর পরিশ্রম করি।”
সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে মঙ্গলবার ধারে বাকি মৌসুমের জন্য বার্সেলোনায় যোগ দেওয়া পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কান্সেলো আসছে ম্যাচে খেলতে পারেন বলে জানিয়েছেন ফ্লিক।
