নিজেদের অজেয় ভাবছে না বার্সেলোনা
তরুণ মিডফিল্ডার গাভি মনে করিয়ে দিয়েছেন, ফুটবলে সব সময় জেতা সম্ভব নয়।
চলতি বছরে এখনও পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। ছন্দে থাকা দলটি বাঁচিয়ে রেখেছে তিনটি বড় শিরোপা জয়ের আশা। এই পর্যায়ে এসে নিজেদের অপ্রতিরোধ্য ভাবার ভুল করতে নারাজ গাভি। নিজেদের অজেয় না ভেবে একবারে একটি ম্যাচে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন তরুণ এই মিডফিল্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে ২০২৫ সালে নিজেদের অজেয় যাত্রা নিয়ে কথা বলেন গাভি।
লা লিগায় একটা সময় বেশ পিছিয়ে থাকলেও ধারাবাহিক ভালো পারফরম্যান্সে রেয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে আছে বার্সেলোনা। আট রাউন্ড বাকি থাকতে ৪ পয়েন্টে এগিয়ে হান্সি ফ্লিকের দল।
কোপা দেল রের ফাইনালেও জায়গা করে নিয়েছে এই প্রতিযোগিতার সফলতম দল বার্সেলোনা। চলতি মাসের শেষ দিকে ফাইনালে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে অনেকেই বার্সেলোনাকে ফেভারিট ভাবছেন। কেউ কেউ দলটিকে দেখছেন অজেয় হিসেবে। এখানটায় দ্বিমত জানিয়েছেন গাভি।
“আমাদের অসাধারণ এক মৌসুম কাটছে। তবে আমরা নিজেদের অজেয় ভাবছি না। এটা ফুটবল, এখানে আপনি সব সময় জিততে পারবেন না।… আমরা যত বেশি সম্ভব শিরোপা জিততে চাই এবং একেবারে একটি ম্যাচ নিয়ে ভাবতে চাই।”
“অবশ্যই ভক্তরা রোমাঞ্চিত হতে পারে কিন্তু আমাদের পা মাটিতেই রাখতে হবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বরুশিয়ার বিপক্ষে আগামীকালকের ম্যাচ, যেটাতে আমরা জিততে চাই। ভক্তদের খুশি রাখার জন্য এবং যত বেশি সম্ভব শিরোপা জয়ের জন্য আমরা কাজ করছি।”
এই প্রসঙ্গ ধরে এলো ট্রেবল প্রসঙ্গ। ২০০৯ সালে ইউরোপের প্রথম দল হিসেবে ট্রেবল জিতেছিল বার্সেলোনা। ২০১৫ সালে প্রথম দল হিসেবে দুইবার এই কীর্তি গড়ে তারা। এবার হাতছানি তৃতীয়বারের। গাভি বললেন, একাডেমিতে বেড়ে ওঠার সময় এমন কিছুর স্বপ্নই তারা দেখতেন।
“লা মেসিয়া যখন আপনি থাকবেন, তখন সব সময়ই বার্সেলোনার হয়ে ট্রেবল বা সেক্সটাপল জয়ের স্বপ্ন দেখবেন। লা মেসির প্রতিটা তরুণ খেলোয়াড় এই স্বপ্ন দেখে। আমার মতে এই ক্লাবই সেরা আর আমরা (ট্রেবল জয়ের) এই চেষ্টাটা করব।”
২০০৯ সালে ইউরোপের প্রথম দল হিসেবে সেক্সটাপল অর্থাৎ ছয় শিরোপা জিতেছিল বার্সেলোনা। দুই বছর পর জিতেছিল পাঁচটি। ফের কাতালান ক্লাবটিতে ছয় শিরোপা আনতে উন্মুখ গাভি।
