২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

দুই মৌসুম পর আবার ইতালিয়ান কাপের ফাইনালে উঠল ইন্টার মিলান।

নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান
জয়ের পর ইন্টার মিলানের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 03:49 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইন্টার মিলান। কোমোকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল দলটি।

সান সিরোয় মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতেছে ইন্টার। কোমোর মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।

ইন্টারের রোমাঞ্চকর জয়ের নায়ক হাকান কালহানোগ্লু। জোড়া গোল করেন তিনি।

প্রথমার্ধে বাতুরিনা ও ৪৮তম মিনিটে দা কুঁহার গোলে বেশ শক্ত অবস্থানে ছিল কোমো। ৬৯তম মিনিটে প্রথমবার তাদের জালে বল পাঠিয়ে দলকে পথে ফেরান কালহানোগ্লু। ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে সমতা টানেন এই তুর্কি মিডফিল্ডার।

আর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ।

সেরি আ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ইন্টার কাপ ফাইনালে খেলবে লাৎসিও কিংবা আতালান্তার বিপক্ষে।