ইংলিশ ফুটবল
Published : 22 May 2026, 04:55 PM
কয়েকদিন ধরে চলা গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গুয়ার্দিওলা। শেষ হচ্ছে এই ক্লাবে তার এক দশকের সফল অধ্যায়।
এক বিবৃতিতে শুক্রবার সিটি ছাড়ার ঘোষণা দেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।
“আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ জিজ্ঞেস করবেন না। এর কোনো কারণ নেই, কিন্তু বুঝতে পারছি, এটাই আমার সময়।”
“কোনো কিছুই চিরস্থায়ী নয়, যদি তাই হতো, তাহলে এখানেই থাকতাম। তবে ম্যানচেস্টার সিটির প্রতি আমার অনুভূতি, এখানকার মানুষ, স্মৃতি ও ভালোবাসা চিরস্থায়ী হয়ে থাকবে।”
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ডাগআউটে সফল অধ্যায়ের পর, ২০১৬ সালে সিটির দায়িত্ব নেন গুয়ার্দিওলা। তার হাত ধরে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৭টি বড় শিরোপা জিতেছে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি।
যদিও টানা চারবার লিগ জয়ের পর, এবার নিয়ে পরপর দুই মৌসুমে এই স্বাদ তারা পায়নি।
এই মৌসুমে অবশ্য ঘরোয়া কাপের ডাবল জিতেছে সিটি। কিন্তু গত মঙ্গলবার বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে গুয়ার্দিওলার সপ্তম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ২২ বছর পর লিগ জয়ের স্বাদ পায় আর্সেনাল।
মৌসুমের শেষ ম্যাচে রোববার ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে সিটি। এটিই হবে এখানে গুয়ার্দিওলার শেষ ম্যাচ।
ব্রিটিশ গণমাধ্যমের খবর, সিটির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন চেলসির সাবেক কোচ এন্টসো মারেস্কা।
২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবল জয়ের অভিযানে গুয়ার্দিওলার সহকারী ছিলেন মারেস্কা। এর আগে সিটির একাডেমিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।