১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইয়োকেরেসের গোলে শীর্ষে আর্সেনাল

ম‍্যানচেস্টার সিটির চেয়ে ফের ২ পয়েন্টে এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল।

ইয়োকেরেসের গোলে শীর্ষে আর্সেনাল
লিগে টানা দ্বিতীয় জয় পেল আর্সেনাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 08:23 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

জ‍্যাক ও’ব্রায়েনের মারাত্মক ভুলে পাওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগালেন ভিক্তর ইয়োকেরেস। গতিময় স্পট কিকে এভারটনের বিপক্ষে দলকে এগিয়ে নিলেন সুইডিশ স্ট্রাইকার। বাকি সময়ে ব‍্যবধান ধরে রেখে শীর্ষে ফিরল আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার এভারটনকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এতে ম‍্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে আর্সেনাল।

১৭ ম‍্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট ৩৯। সমান ম‍্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এদিনই ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডতে ৩-০ গোলে হারিয়ে কিছুক্ষণের জন‍্য শীর্ষে উঠেছিল পেপ গুয়ার্দিওলার দল।  

ঢিমে তালে চলা ম‍্যাচে ২৭তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। সফল স্পট কিকে জাল খুঁজে নেন ইয়োকেরেস। কর্নারে হেড করার সময় দুই হাত উপরে তুলে বিপদ ডেকে আসেন ও’ব্রায়েন। বল ছুঁয়ে যায় হাত। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি।

গত আসরে দুইবারই আর্সেনালের বিপক্ষে ড্র করা এভারটন এবার প্রথমার্ধে গোলের জন‍্য কোনো শটই নিতে পারেনি। আর্সেনাল ছয়টি শট নিলেও লক্ষ‍্যে রাখতে পারে কেবল একটি।

২০২৩-২৪ মৌসুম থেকে তথ‍্য রাখা শুরু করার পর লিগে কেবল দ্বিতীয়বারের মতো ঘরের মাঠের কোনো ম‍্যাচের প্রথমার্ধে গোলের জন‍্য কোনো শট নিতে পারেনি এভারটন।

দ্বিতীয়ার্ধে গা ঝাড়া দেয় এভারটন। নিজেদের সহজাত আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যায় আর্সেনাল। তাতে ধীরে ধীরে জমে উঠে ম‍্যাচ।

৬৪তম মিনিটে একটুর জন‍্য দ্বিগুণ হয়নি ব‍্যবধান। লিয়ান্দ্রো ত্রোসারের গতিময় শট ব‍্যর্থ হয় দূরের পোস্ট লেগে।

ব‍্যবধান বাড়ানোর সুযোগ আসে পরেও। কিন্তু ফিনিংশে ব‍্যর্থতায় আর জালের দেখা পায়নি আর্সেনাল।