১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে বিচারের মুখোমুখি রেয়ালের আসেন্সিও

এই ঘটনায় রেয়াল মাদ্রিদের যুব দলের একসময়ের আরও তিন ফুটবলারকে বিচারকের সামনে হাজির করা হবে।

আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে বিচারের মুখোমুখি রেয়ালের আসেন্সিও
রাউল আসেন্সিও। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

সম্মতি ছাড়াই যৌন ভিডিও ছড়ানোর অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে রেয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেন্সিওকে। 

স্পেনের গ্রান কানারিয়া দ্বীপপুঞ্জের একটি আদালত বৃহস্পতিবার জানায়, এই ঘটনায় রেয়াল মাদ্রিদের যুব দলের একসময়ের আরও তিন ফুটবলারকে বিচারকের সামনে হাজির করা হবে।

২০২৩ সালের জুনে গ্রান কানারিয়ার একটি বিচ ক্লাবে দুই টিনএজার নারীর যৌন ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ভুক্তভোগী দুই নারীর একজন অপ্রাপ্তবয়স্ক। 

বিচারিক নথি অনুসারে, ভিডিওটি পাওয়ার পর তা এক বন্ধুকে দেখানোয় গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধে ২২ বছর বয়সী আসেন্সিওর আড়াই বছরের কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। 

ভুক্তভোগী দুই নারীর একজন চার খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্যজন তার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আসেন্সিওকে, যিনি ঘটনার সময় রেয়ালের যুব দলের খেলোয়াড় ছিলেন। 

অভিযুক্ত অন্য তিন খেলোয়াড়ের দুজন এখন রেয়ালের হয়ে খেলেন না।

অভিযোগের জবাবে গত মে মাসে আসেন্সিও বলেছিলেন, কোনো নারীর গোপনীয়তা ও যৌন স্বাধীনতা লঙ্ঘন করে এমন কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং শুধুমাত্র অন্য ব্যক্তিকে ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।