Published : 27 May 2026, 08:21 PM
কাঁধের গুরুতর চোটের সঙ্গে লড়াইয়ে হার মেনে নিলেন কাসপের স্মাইকেল। ফুটবল থেকে অবসর নিলেন ডেনমার্ক ও সেল্টিকের এই গোলরক্ষক।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বুধবার অবসরের সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী স্মাইকেল।
গত বছরের মার্চে পর্তুগালের বিপক্ষে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেলার সময় চোট পান স্মাইকেল। চলতি বছর ফেব্রুয়ারিতে সেল্টিকের হয়ে ইউরোপা লিগে খেলার সময় তার চোটের অবস্থার আরও অবনতি হয়। ২২ ফেব্রুয়ারি স্কটিশ প্রিমিয়ার লিগে সবশেষ মাঠে নামেন তিনি।
আগামী মাসে সেল্টিকের সঙ্গে চুক্তি শেষ হবে স্মাইকেলের। টিভি টু স্পোর্টকে তিনি বললেন, নতুন করে চুক্তি করবেন না তিনি।
“জুনে সেল্টিকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে আমি ফুটবল ক্যারিয়ারের ইতি টানব। কাঁধের সমস্যা নিয়ে অনেক শল্যবিদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন, ফিরে শীর্ষ পর্যায়ে খেলতে পারব না। অনেক ভেবেছি, তবে আমার মনে হয়েছে এটাই আমার অবসরের সঠিক সময়।”
ডেনমার্কের হয়ে ১২০ ম্যাচ খেলেছেন স্মাইকেল। অংশ নিয়েছেন ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। ২০২০ সালে দলকে ইউরোর সে সেমি-ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি।
ম্যানচেস্টার সিটি দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন স্মাইকেল। তবে দীর্ঘ সময় কাটান তিনি লেস্টার সিটিতে। ক্লাবটির হয়ে খেলেন ৪৭৯ ম্যাচ, জেতেন ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ ও ২০২১ এফএ কাপ।
নিস ও আন্ডারলেখটে খেলে পরে যোগ দেন সেল্টিকে। এখানে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ৩৯ ম্যাচ। জেতেন দুটি স্কটিশ প্রিমিয়ার লিগ ও একটি লিগ কাপ।
মাঠ থেকে বিদায় নিতে না পারাটা পোড়াচ্ছে স্মাইকেলকে।
“আমার মনে হয়, সবারই স্বপ্ন থাকে মাঠ থেকে বিদায় নেওয়ার। তবে সবসময় আপনি যা চাইবেন তা পাবেন না। স্রেফ আরেকটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো লাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা হবে না।”