১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘এই ক্লাব বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বাজে সিদ্ধান্ত’

এত এত ম্যাচের বিরূপ প্রভাব আগামী বছরের বিশ্বকাপে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ইয়ুর্গেন ক্লপ।

‘এই ক্লাব বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বাজে সিদ্ধান্ত’
ইয়ুর্গেন ক্লপ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

পুরোনো সংস্করণ বদলে বৃহৎ পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হওয়ার পর থেকেই টুর্নামেন্টটি ঘিরে শুরু হয় প্রবল সমালোচনা। আর ৩২ দলের আসরটি মাঠে গড়ানোর পর থেকে সেই মাত্রা ক্রমেই বাড়ছে। লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ যেমন তীর্যক ভাষায় সমালোচনা করলেন তাদেরকে, যারা এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

অভিজ্ঞ ও দারুণ সফল এই জার্মান কোচের মতে, বড় আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বাজে টুর্নামেন্ট। একটি জার্মান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ঠাসা সূচিতে ফুটবলাররা আগে থেকেই নাজেহাল। এই টুর্নামেন্ট তাদের ওপর কেবল আরও চাপই বাড়িয়েছে।

“এটা একটা অর্থহীন প্রতিযোগিতা। যে দলই জিতুক না কেন, ফুটবল ইতিহাসে তারা হবে সবচেয়ে খারাপ বিজয়ী দল, কারণ পুরো গ্রীস্মজুড়ে তারা খেলবে এবং এরপর সরাসরি (পরের মৌসুমে) লিগে ফিরে যাবে।”

“কিছু মানুষ আছে যারা কখনোই ফুটবলের প্রতিদিনের কর্মযজ্ঞে ছিল না, আজ তারাই এসব ভাবনা নিয়ে হাজির হচ্ছে।”

পূর্বে মহাদেশ সেরা ক্লাবগুলো নিয়ে প্রতিবছর হতো ক্লাব বিশ্বকাপ। সেই নামেই এখন থেকে প্রতি চার বছর অন্তর-অন্তর বসবে ৩২ দলের এই টুর্নামেন্ট। পুরোনো সংস্করণের প্রতিযোগিতাটিও অবশ্য থাকছে, সেটা হবে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।

এত এত টুর্নামেন্টের ভিড়ে খেলোয়াড়রা ঠিকমতো বিশ্রামের সুযোগ পাচ্ছে না, এটাই ক্লপের দুর্ভাবনার কারণ।

“অনেক বেশি ম্যাচ হচ্ছে। আমার ভয় হচ্ছে, আগামী মৌসুমে খেলোয়াড়দের আগের সবসময়ের চেয়ে অনেক বেশি চোটে পড়তে দেখা যাবে। তখন যদি না হয়, তাহলে বিশ্বকাপে অথবা বিশ্বকাপের পর এমনটা হবে।”

আগামী বছর এই সময়েই প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ হবে। টুর্নামেন্টটি যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।