সতীর্থদের নতুন ইতিহাস লেখার তাগিদ আলিসনের
ইয়ুর্গেন ক্লপের দারুণ সফল দলের সঙ্গে বর্তমান লিভারপুলের তুলনা করতেও নারাজ ব্রাজিলিয়ান গোলরক্ষক।
লিভারপুলের জার্সিতে ঝলমলে ক্যারিয়ারে দারুণ সব কীর্তি গড়েছেন আলিসন, লিখেছেন ইতিহাস। তবে সাফল্যের ক্ষুধা তার আছে আগের মতোই। চলতি মৌসুমে দল যে ছন্দে ছুটে চলেছে, তাতে আরও ‘বিশেষ কিছু অর্জনের’ ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন তিনি। সতীর্থদের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ‘নিজেদের নতুন ইতিহাস’ লেখার তাগিদ দিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।
অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের ৯ বছরের সাফল্যময় অধ্যায়ে তিন দশক পর লিগ শিরোপা জয়ের স্বাদ পায় লিভারপুল। তার হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগও জয় করে তারা। এই সময়ে দলটি মোট ৭টি ট্রফি জেতে এবং সবগুলো সাফল্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আলিসন।
গত মৌসুম শেষে ক্লপ বিদায় নেওয়ার পর লিভারপুলের দায়িত্ব নেন আর্না স্লট। এই ডাচ কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে শুরুতে হয়তো কিছুটা ভুগতে হবে আলিসন-সালাহদের, এমনটাই ধারণা ছিল অনেকের। তবে সেই ভাবনাকে ভুল প্রমাণ করে শুরু থেকেই দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।
প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে লিভারপুল, একটি ম্যাচ কমও খেলেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে শতভাগ জয়ে আছে টেবিলের শীর্ষে। এছাড়া লিগ কাপে উঠে গেছে সেমি-ফাইনালে।
দলকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত আলিসন বললেন, সামনে সব ম্যাচই জিততে চান তারা।
“এই দলের খেলোয়াড়দের যে বিষয়টা সবচেয়ে বেশি আমাকে আনন্দ দেয় তা হলো, আমাদের বিশেষ কিছু করার মান আছে এবং দলের প্রতি নিবেদন, প্যাশন ও আকাঙ্ক্ষা আছে, যা দারুণ কিছু জয়ের জন্য গুরুত্বপূর্ণ।”
“আমরা ক্ষুধার্ত এবং আমরা সামনের সব ম্যাচ জিততে চাই…সেদিকেই আমাদের সবার মনোযোগ। এখন যে স্মৃতি আমরা তৈরি করছি এবং ফুটবলে ঐক্যবদ্ধ হয়ে পূর্বে আমরা যে সুখস্মৃতি তৈরি করেছি, ভবিষ্যতে গিয়ে আমরা সেসব স্মরণ করব। জয়টাই সবকিছু নয়, অবশ্যই; তবে ফুটবলে এটা অনেক বড় কিছু। তাই আমি এই দলকে বিজয়ী একটা দল হিসেবে মনে রাখতে চাই।”
মৌসুমে এখন পর্যন্ত সব শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে চলা এই দলের তুলনা করা হচ্ছে ২০১৯-২০ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন লিভারপুল দলের সঙ্গে। তবে আলিসনের মতে, এই দুই দলের তুলনা করাটা ঠিক নয়।
“আমি মনে করি না, এই দুই দলের মধ্যে সাদৃশ্য আছে, এই দুটি ভিন্ন দল। কিছু খেলোয়াড় অবশ্য এই দলেও খেলে, কিন্তু এখন আমাদের খেলার ধরন কিছুটা ভিন্ন। এখন আমরা আরও বেশি পজেশন রেখে খেলি, আগে যেটা ছিল সরাসরি আক্রমণে ওঠার কৌশল।”
“আমার মনে হয় না, অতীতের দলের সঙ্গে আমাদের তুলনা করার কোনো দরকার আছে, আমাদের নিজেদের ইতিহাস গড়তে হবে। এই মৌসুমে, এই দলের নিজেদের ইতিহাস লিখতে হবে।”
লিগে পরের ম্যাচে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে খেলবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায়।
