১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পেদ্রো-ফের্নান্দেসের গোলে চেলসির দারুণ জয়

এই জয়ে আপাতত লিগ টেবিলের চূড়ায় উঠেছে দলটি, অবশ্য শীর্ষস্থানে পরিবর্তন আসতে পারে দিনের পরের ম্যাচেই।

পেদ্রো-ফের্নান্দেসের গোলে চেলসির দারুণ জয়
নিজে গোল করার পর আরেক গোলদাতা জোয়াও পেদ্রোর সঙ্গে এনসো ফের্নান্দেস (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

নতুন ঠিকানায় অল্প সময়ে মানিয়ে নিয়ে দারুণ ছন্দে ছুটে চলেছেন জোয়াও পেদ্রো। টানা দ্বিতীয় ম্যাচে দলকে এগিয়ে নিলেন তিনি। আবার গোলের দেখা পেলেন এনসো ফের্নান্দেসও। ফুলহ্যামকে খুব সহজেই হারিয়ে দিল চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। দুই অর্ধে একটি করে গোল করেছে তারা।

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন কোল পালমারকে এদিনও পায়নি চেলসি। ইংলিশ মিডফিল্ডারের শূন্যতা অবশ্য তেমন একটা বুঝতে দেয়নি তার সতীর্থরা।

প্রথমার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে সেট পিস গোলে এগিয়ে যায় চেলসি। ফের্নান্দেসের কর্নারে হেডে বল জালে পাঠান গত জুলাইয়ে দলে যোগ দেওয়া পেদ্রো।

গত সপ্তাহে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচেও দলের প্রথম গোলটি করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে সবশেষ পাঁচ ম্যাচে তার গোল হলো পাঁচটি।

৫৬তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস। ফুলহ্যামের ডি-বক্সে তাদের মিডফিল্ডার রায়ানের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় চেলসি।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর, টানা দ্বিতীয় জয় পেল চেলসি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে তারা। 

তবে দিনের পরের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে জিতে শীর্ষে উঠবে টটেনহ্যাম হটস্পার।