১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৫০ মিটার বাটারফ্লাইটের হিটে ৩৬তম রাফি

মালয়েশিয়া ওপেনের টাইমিং গ্লাসগোয় ছাপিয়ে গেলেও, হিট থেকে ঝরে গেছেন বাংলাদেশের এই সাঁতারু।

৫০ মিটার বাটারফ্লাইটের হিটে ৩৬তম রাফি
গ্লাসগোর সুইমিংপুলে কোনো চমক দেখাতে পারেননি সামিউল ইসলাম রাফি। ছবি: বিওএ

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 09:02 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

১০০ মিটার ফ্রিস্টাইলের পর, ৫০ মিটার বাটারফ্লাইয়েও কোনো চমক দেখাতে পারলেন না সামিউল ইসলাম রাফি। মালয়েশিয়া ওপেনের টাইমিং ছাপিয়ে গেলেও, গ্লাসগো কমনওয়েলথ গেমসের হিট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের এই সাঁতারু।

টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৩৬তম।

এই ইভেন্টের সেমি-ফাইনালে ওঠা ১৬ সাঁতারুর মধ্যে সবশেষ জন নর্দার্ন আয়ারল্যান্ডের ম্যাথু হ্যামিল্টন; তার টাইমিং ২৪ দশমিক ২৫ সেকেন্ড।

ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস স্বীকৃত প্রতিযোগিতায় রাফির সেরা টাইমিং ২৬ দশমিক ০১ সেকেন্ড। গত বছর এপ্রিলে মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে এই টাইমিং করেছিলেন তিনি।

গত বছর জাতীয় সাঁতারে এই ইভেন্টে ২৫ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড ভেঙেছিলেন রাফি।

গ্লাসগোয় এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে রাফি বিদায় নেন ৫২ দশমিক ৪৯ সেকেন্ড টাইমিং করে। ৬৭ জনের মধ্যে ৪০তম হন ২১ বছর বয়সী এই সাঁতারু।

ছেলেদের ৪০০ মিটার দৌড়ে লুসাদ ইসলাম ৪৯ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে ৪৬ জনের মধ্যে ৩৬তম হয়ে হিট থেকে বিদায় নিয়েছেন। এই ইভেন্টের সেমি-ফাইনালে ওঠা ১৬ প্রতিযোগীর মধ্যে সবশেষ জন বারবাডোজের ডেসন বয়েস, তার টাইমিং ৪৬ দশমিক ৫৫ সেকেন্ড।

ছেলেদের ৫৫ কেজি ওজন শ্রেণীর বক্সিংয়ের কোয়ার্টার-ফাইনালে রাকিব হোসেন হেরেছেন অস্ট্রেলিয়ার জে ডিক্সনের কাছে।