১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেদারল‍্যান্ডস দলে ফিরলেন মেমফিস ডিপাই

প্রাথমিক দলে না থাকলেও ২৪ সদস‍্যের দলে জায়গা পেলেন ম‍্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মাটাইস ডি লিখট।

নেদারল‍্যান্ডস দলে ফিরলেন মেমফিস ডিপাই
মেমফিস ডিপাই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপের পর প্রথমবারের মতো নেদারল‍্যান্ডস দলে ডাক পেয়েছেন মেমফিস ডিপাই। স্পেনের বিপক্ষে নেশন্স লিগের লড়াইয়ের জন‍্য অভিজ্ঞ এই স্ট্রাইকারকে রেখে দল ঘোষণা করেছেন কোচ রোনাল্ড কুমান।

মেমফিসের খেলা দেখতে গত মাসে ব্রাজিলে গিয়েছিলেন নেদারল‍্যান্ডস কোচ।

গত মৌসুম শেষে কিছু দিন ক্লাবহীন ছিলেন মেমফিস। আতলেতিকো মাদ্রিদ ছাড়ার পর গত অক্টোবরে খেলায় ফেরেন তিনি। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে শুরুর একাদশে থাকা ১২ ম‍্যাচে ৩১ বছর বয়সী তারকা করেছেন ২ গোল।

নেদারল‍্যান্ডসের হয়ে ৯৮ ম‍্যাচে মেমফিসের গোল ৪৬টি। ডাচদের হয়ে রবিন ফন পার্সির সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে তিনি কেবল ৪ গোল দূরে। 

গত নভেম্বরে জাতীয় দলে ফেরা ২৫ বছর বয়সী জাস্টিন ক্লুইভার্ট ধরে রেখেছেন জায়গা। বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তিনি করেছেন ১২ গোল। 

২০১৮ সালে আয়াক্সের হয়ে খেলার সময় জাতীয় দলে দুটি ম‍্যাচ খেলেছিলেন ক্লুইভার্ট। এর ছয় বছর পর বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তৃতীয় ম‍্যাচ খেলার সুযোগ পান তিনি। 

কুমানের প্রাথমিক দলে ছিলেন না মাটাইস ডি লিখট। তবে নাথান আকে ও স্টিভন দে ফ্রের চোটে ২৪ জনের দলে জায়গা পেলেন ম‍্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। 

আগামী বৃহস্পতিবার নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে খেলবে নেদারল‍্যান্ড। এর তিন দিন পর তারা খেলবে স্পেনের মাঠে।