১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবাপেকে নিয়ে ‘আত্মঘাতী’ হবে না রেয়াল মাদ্রিদ

বার্সেলোনার বিপক্ষে খেলা প্রসঙ্গে ফরাসি তারকাকে নিয়ে সতর্ক থাকার কথা বললেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো।

এমবাপেকে নিয়ে ‘আত্মঘাতী’ হবে না রেয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 05:56 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে কিলিয়ান এমবাপেকে ব্যথানাশক ইনজেকশন দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি শাবি আলোন্সো। একই সঙ্গে রেয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, ফরাসি তারকাকে নিয়ে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত তারা নেবেন না।

গত বছরের শেষ দিন রেয়াল মাদ্রিদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বাঁ হাঁটু মচকে গেছে এমবাপের। চোট কতটা গুরুতর বা কতদিনের জন্য বাইরে থাকতে হবে সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো না হলেও বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছিল, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বকাপ জয়ী তারকাকে।

তার অনুপস্থিতিতে নতুন বছরের প্রথম ম্যাচে লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয়ের পর, তাকে মাদ্রিদে রেখেই সুপার কাপে খেলতে সৌদি আরবে উড়াল দেয় রেয়াল মাদ্রিদ। গত বৃহস্পতিবার সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতে তারা পা রাখে ফাইনালে। পরদিনই এমবাপে উড়ে যান সৌদি আরবে। 

জেদ্দায় রোববার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের সর্বোচ্চ ২৯ গোল করা এমবাপে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে পারেন কি-না, এমন প্রশ্নে শনিবারের সংবাদ সম্মেলনে সতর্ক থাকার কথা বলেন আলোন্সো।

“এটি এমন এক সিদ্ধান্ত, যা আমাদের স্টাফ, খেলোয়াড় ও চিকিৎসকদের মধ্যে নিতে হবে। আমাদের ঝুঁকির মাত্রা দেখতে হবে। আমরা কোন মুহূর্তে আছি, কীসের জন্য খেলছি তা বুঝতে হবে এবং তারপর সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু যখন আমরা সিদ্ধান্ত নিই, তখন আমরা আত্মঘাতী হই না। এটি নিয়ন্ত্রিত ঝুঁকি।”

রেয়াল কোচ জানালেন, দুই ম্যাচে বাইরে থাকা ২৭ বছর বয়সী এমবাপে এখন আগের চেয়ে ভালো বোধ করছেন। এদিন অনুশীলনের পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন আলোন্সো।

“সে অনেক ভালো বোধ করছে, আতলেতিকোর মুখোমুখি হওয়ার জন্য সে পুরোপুরি প্রস্তুত ছিল না এবং আমরা (তার ফেরা) নিয়ে তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের ভাবনা ছিল যে, যদি আমরা ফাইনালে পৌঁছাই, তাহলে সে কেমন বোধ করছে, সেটার ওপর নির্ভর করে তাকে পাওয়া যাবে।”

“আজ যখন সে অনুশীলন করবে, তখন আমাদের কাছে প্রয়োজনীয় সকল তথ্য থাকবে এবং দেখব যে, শুরুর একাদশে থাকার জন্য সে প্রস্তুত, নাকি একটু কম খেলার জন্য প্রস্তুত।”