রাফির আরেকটি সোনা জয়
এ নিয়ে বাংলাদেশের এই সাঁতারু দুই ইভেন্টে সেরা হলেন।
থাইল্যান্ডের পুলে আলো ছড়িয়ে চলেছেন সামিউল ইসলাম রাফি। এবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রোববার ৫৪ দশমিক ৬৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন রাফি।
এটি ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকসের অফিসিয়াল প্রতিযোগিতা নয়।
গ্লাসগো কমনওয়েলথ গেমসের ব্যর্থতার পর, এই আসরে সব মিলিয়ে তিন ইভেন্টের মধ্যে দুটিতে সোনা জিতেছেন রাফি।
এর আগে ৫০ মিটারে ব্যাকস্ট্রোকে রাফি ২৪ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। আর ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২১ বছর বয়সী এই সাঁতারু হয়েছিলেন তৃতীয়।
সবশেষ স্কটল্যান্ডের গ্লাসগোতে হওয়া কমনওয়েলথ গেমসে ১০০ মিটার ফ্রিস্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাই-এই দুই ইভেন্টে অংশ নিয়ে হিট থেকে বাদ পড়েছিলেন রাফি।
৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ৩৬তম। আর ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে তিনি বিদায় নিয়েছিলেন ৫২ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়ে।
