২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইসাকের চোট ভালো ঠেকছে না স্লটের

সুইডিশ স্ট্রাইকারের চোটের প্রকৃত অবস্থা জানতে উদ্বেগ নিয়ে অপেক্ষায় লিভারপুল কোচ।

ইসাকের চোট ভালো ঠেকছে না স্লটের
চোট পেয়ে মাঠ ছাড়েন আলেসান্দার ইসাক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

টটেনহ‍্যাম হটস্পারের বিপক্ষে ম‍্যাচের মাঝপথে মাঠ ছাড়া আলেকসান্দার ইসাকের চোটের প্রকৃত অবস্থা জানতে উদ্বেগ নিয়ে অপেক্ষায় লিভারপুল।

৯ জনের টটেনহ‍্যাম হটস্পারের বিপক্ষে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জেতে লিভারপুল। 

শুরুর একাদশে ছিলেন না ইসাক। কনর ব্রাডলির চোটে বিরতির পর মাঠে নামেন তিনি। 

৫৬তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন ইসাক। তবে এই গোলের জন‍্য শট নেওয়ার সময় মিকি ফন ডে ফেনের চ্যালেঞ্জে আঘাত পান তিনি। তাই উদযাপনও করতে পারেননি। চিকিৎসা নেওয়ার পর দুই জনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সুইডিশ স্ট্রাইকার।

ম‍্যাচ শেষে তাৎক্ষণিকভাবে ইসাকের চোট নিয়ে তেমন কিছু বলতে পারেননি লিভারপুল কোচ আর্না স্লট। 

“তার ব‍্যাপারে আমার কাছে এখন কোনো খবর নেই। তবে কোনো খেলোয়াড় গোল করার পর যখন চোট পায় এবং মাঠে ফেরার চেষ্টা করতে পারে না- সাধারণত সেটা ভালো লক্ষণ নয়। এর বেশি কিছু আমি বলতে পারছি না। এটা কেবলই আমার অনুভূতি, চিকিৎসাগত কোনো মন্তব্য নয়। এখনও তার সঙ্গে আমার কথা হয়নি।”

“তবে সে (ইসাক) গোল করেছে, এটা ভালো দিক। ফ্লোহিয়ান ভিয়েৎসের অ্যাসিস্টে দারুণ একটি গোল ছিল।”

নিউক্যাসল ইউনাইটেড থেকে গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেন ২৬ বছর বয়সী ইসাক। ইংলিশ চ‍্যাম্পিয়নদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তার গোল মাত্র তিনটি। মৌসুমের শুরুতেই কুঁচকির চোটে কিছুদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এখন আবারও তিনি ছিটকে যাওয়ার শঙ্কায়।

১৭ ম‍্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ১০ পয়েন্টে পিছিয়ে।