১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

প্রিমিয়ার লিগে দুই দশকেরও বেশি সময়ের শিরোপা খরা কাটানোর স্বপ্নে একটু একটু করে এগিয়ে যাচ্ছে উত্তর লন্ডনের ক্লাবটি।

ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল
বদলি নামার ছয় মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ভিক্তর ইয়োকেরেশ (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

আক্রমণে খুব বেশি ভীতি ছড়াতে পারল না আর্সেনাল। তবে মাঠে আধিপত্য করেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করল দলটি। সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো মিকেল আর্তেতার দলের।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। মার্তিন সুবিমেন্দি দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে বদলি নেমে জোড়া ভিক্তর ইয়োকেরেশ।

আসরে প্রথম দেখায় গত নভেম্বরে সান্ডারল্যান্ডের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল। ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। এবার অবশ্য কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সফরকারী দলটি।

২৫ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট হলো আর্সেনালের।

এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

দিনের আরেক ম্যাচে, বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাস্টন ভিলার পয়েন্টও ৪৭। তবে তারা ম্যাচ খেলেছে আর্সেনালের সমান, ২৫টি।

ঘরের মাঠে এদিন শট লক্ষ্যে রাখতেই ভুগছিল আর্সেনাল। প্রথম আধা ঘণ্টায় পাঁচটি শট নিলেও, একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। ৩০তম মিনিটে ডেক্লান রাইসের দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৪০তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন সুবিমেন্দি। ডি-বক্সের মধ্যে থেকে লিয়ান্দ্রো ত্রোসারের কাটব্যাক বাইরে পেয়ে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার, বল প্রথম ড্রপের পর বাঁক নিয়ে পোস্টে লেগে জালে জড়ায়।

গত শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষেও দলকে এগিয়ে দিয়েছিলেন সুবিমেন্দি।

চাপ ধরে রেখে ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। গাব্রিয়েল জেসুসের বদলি নামার ছয় মিনিটের মধ্যে গোলটি করেন ইয়োকেরেশ। 

হাভার্টজের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে শট নেওয়ার আগে কিছুটা ভারসাম্য হারান তিনি, তবে লক্ষ্যে ছিলেন অবিচল, পড়ে যাওয়ার আগমুহূর্তে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড। 

ইয়োকেরেশও টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন।

যোগ করা সময়ে দ্রুত প্রতি-আক্রমণে উঠে ব্যবধান আরও বাড়ায় আর্সেনাল। এই গোলের বড় কৃতিত্ব মার্তিনেল্লির। বল পায়ে তিনি অনেকটা এগিয়ে শেষ সময়ে ডি-বক্সে বাঁদিকে ইয়োকেরেশকে খুঁজে নেন। মার্তিনেল্লিকে আটকাতে গোলরক্ষক এগিয়ে যাওয়ায়, অনায়াসে বাকি কাজ সারেন সাবেক স্পোর্তিং ফরোয়ার্ড।

আসরে সপ্তম হারের পর, ২৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সান্ডারল্যান্ড।