Published : 17 May 2025, 03:30 PM
চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ট্রফি জয়ের পর পেরিয়ে গেছে একটা দশক। এবার অবশ্য দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বার্সেলোনা, কিন্তু সেমি-ফাইনালের রুদ্ধশ্বাস নাটকীয় লড়াইয়ে সেই স্বপ্ন ভেঙে যায়। তবে আশাহত হচ্ছে না। কোচ হান্সি ফ্লিকের হাত ধরে, ম্যাচের পর ম্যাচ দাপুটে ফুটবল খেলে যে নতুন যুগের ইঙ্গিত দিয়েছে দলটি, তাতে শিগগির এই খরা কাটানোর আশায় আছেন রোনাল্দ আরাউহো।
গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর নাটকীয়ভাবে ওই সময়ের কোচ শাভি এর্নান্দেসকে ছাঁটাই করে ফ্লিককে দায়িত্ব দেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। জার্মান কোচের কোচিংয়ে মৌসুমের শুরুটা খারাপ হয়নি; কিন্তু গত বছরের শেষভাগে হঠাৎ ছন্দপতনে লা লিগায় রেয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা পিছিয়ে পড়ে তারা।
তবে, নতুন বছরে দলটি আমূল বদলে যায়। এই বছরে কোনো ম্যাচ না হেরে, পয়েন্ট টেবিলের ব্যবধান ঘুচিয়ে ইতোমধ্যে লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর, গত মাসে রেয়াল মাদ্রিদকেই হারিয়ে কোপা দেল রের ট্রফি উঁচিয়ে ধরে তারা।
চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে চারবারের দেখায় প্রতিবারই জয়ের অনন্য কীর্তি গড়ার মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিল কাতালান ক্লাবটি। ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ৩-৩ ড্র করে তারা, ফিরতি লেগেও প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর আবার ঘুরে দাঁড়িয়ে জয়ের কাছে চলে যায় দলটি। এরপরই ছন্দপতন। যোগ করা সময়ে গোল হজমের পর, অতিরিক্ত সময়ে আরেকটি খেয়ে ৪-৩ গোলে বিদায় নেয় বার্সেলোনা।
লা লিগার শিরোপা নিশ্চিত করার পরদিন শুক্রবার হাজারো সমর্থকদের সঙ্গে প্যারেড করেন বার্সেলোনার খেলোয়াড়রা। সেখানেই দলের এবারের সাফল্যের মাঝে নতুন স্বপ্ন দেখালেন ডিফেন্ডার আরাউহো।
“খুব খুশি, এটা আমাদের প্রাপ্য। এই দল এবং এই মানুষগুলোর এটা প্রাপ্য। মৌসুমের শুরুতে আমাদের নিয়ে বাজি ধরার কেউ ছিল না, সেই আমরাই তিনটি ট্রফি জিতেছি।”
“এই দলকে নিয়ে মানুষ রোমাঞ্চিত, কারণ দলটিতে দারুণ সব সম্ভাবনাময় খেলোয়াড় আছে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি, তবে আমরা এটা জিতব।”
ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনা পাঁচ শিরোপার সবশেষটি জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে। লুইস এনরিকের কোচিংয়ে সেবার ট্রেবল জিতেছিল তারা।