১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্সেনাল সমর্থকদের সুসংবাদ দিলেন আর্তেতা

পরের ম্যাচের স্কোয়াডে ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকাকে রাখার পরিকল্পনা আর্সেনাল কোচের।

আর্সেনাল সমর্থকদের সুসংবাদ দিলেন আর্তেতা
বুকায়ো সাকা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 09:20 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সেনানী বুকায়ো সাকাকে নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন মিকেল আর্তেতা। চোট কাটিয়ে ওঠা ইংলিশ রাইট উইঙ্গারকে পরের ম্যাচের স্কোয়াডে রাখবেন আর্সেনাল কোচ।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল।

অ্যাকিলিস টেন্ডনের চোটে এক মাসের বেশি সময় ধরে মাঠে বাইরে আছেন সাকা। সেই সমস্যা থেকে সেরে উঠেছেন তিনি। তাকে খেলার জন্য এখন ফিট মনে করছেন আর্তেতা।

আর্সেনালের জার্সিতে সবশেষ গত ২২ মার্চ খেলেন সাকা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া লিগ কাপের ওই ফাইনালে পুরো সময় মাঠে ছিলেন তিনি। কিন্তু এরপর চোট হানা দেয় তার শরীরে।

সিটির কাছে সম্প্রতি লিগের শীর্ষস্থান হারিয়েছে আর্সেনাল। তাতে ২০০৪ সালের পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে তারা। মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে এসে সাকাকে ফিরে পাওয়া দলটির জন্য স্বস্তির খবর।

৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। তাদের সমান পয়েন্ট হলেও, গোলের হিসাবে দুইয়ে আর্সেনাল। এখন পর্যন্ত শীর্ষ দুই দলেরই গোল ব্যবধান সমান ৩৭টি করে; তবে গোল করায় এগিয়ে সিটি (সিটি গোল করেছে ৬৬টি, আর্সেনাল করেছে ৬৩টি)।