২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আর্সেনালের সহজ জয়, ইউনাইটেডের হোঁচট

বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগে আপাতত সাত পয়েন্টে এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল।

আর্সেনালের সহজ জয়, ইউনাইটেডের হোঁচট
এই মৌসুমে প্রিমিয়ার লিগে চারটি গোল করলেন ভিক্তর ইয়োকেরেস (মাঝে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 11:22 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলল আর্সেনাল। আক্রমণের জোয়ার বইয়ে দিয়ে প্রথমার্ধেই মুঠোয় নিল ম‍্যাচের লাগাম। সহজ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের অবস্থান সুসংহত করল মিকেল আর্তেতার দল। একই সময়ে হওয়া অন‍্য ম‍্যাচে নটিংহ‍্যাম ফরেস্টের বিপক্ষে পয়েন্ট হারাল ম‍্যানচেস্টার ইউনাইটেড। 

বার্নলির বিপক্ষে শনিবার ২-০ গোলে জিতেছে আর্সেনাল। ভিক্তর ইয়োকেরেস দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেছেন ডেক্লান রাইস। 

অক্টোবর মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচের সবকটি জাল অক্ষত রেখে জেতা আর্সেনাল নভেম্বরের শুরুটাও করল দারুণ। 

নটিংহ‍্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড।

কাসেমিরোর গোল এগিয়ে থেকে বিরতিতে যায় হুবেন অ‍্যামুমির দল। দ্বিতীয়ার্ধে ৯০ সেকেন্ডের মধ‍্যে দুই গোল করে এগিয়ে যায় নটিংহ‍্যাম। ৮১তম মিনিটে আমাদ দিয়ালোর গোলে হার এড়ায় ইউনাইটেড।

লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

১০ ম‍্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্সেনাল। ৯ ম‍্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বোর্নমাউথ। 

১০ ম‍্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউনাইটেড। সমান ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বার্নলি। ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে নটিংহ‍্যাম। 

সহজ জয়ে ৭ পয়েন্টে এগিয়ে আর্সেনাল

ঘরের মাঠে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। রাইসের কর্নারে গাব্রিয়েল মাগালিয়াসের কাছ থেকে বল পেয়ে অনায়াসে জালে পাঠান ইয়োকেরেস।  

আক্রমণাত্মক ফুটবলে বার্নলিকে প্রবল চাপে রেখে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে আর্সেনাল। ৩২তম মিনিটে বুকায়ো সাকার শট ঝাঁপিয়ে কোনোমতে ফেরান সফরকারী গোলরক্ষক। ফিরতি বলে লিয়ান্দ্রো ত্রোসারের শট গোললাইন থেকে ঠেকিয়ে দেন বার্নলির একজন খেলোয়াড়।

তিন মিনিট পর ব‍্যবধান বাড়ান রাইস। প্রতি আক্রমণে ত্রোসারের চমৎকার ক্রসে নিখুঁত হেডে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। 

ব‍্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি আর্সেনালের খেলোয়াড়রা।

নটিংহ‍্যাম-ইউনাইটেডের রোমাঞ্চকর লড়াইয়ে সমতা  

নটিংহ‍্যামের মাঠে ৩৪তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন অরক্ষিত কাসেমিরো।

এই গোলের পর তীব্র ক্ষোভ দেখান ফরেস্টের কোচ ও খেলোয়াড়রা। যে কর্নার গোলের উৎস, সেই কর্নার ইউনাইটেডের প্রাপ‍্য নয় বলে তাদের দাবি। রেফারি কর্নার দেখানোর পরই প্রতিবাদ জানিয়েছিলেন তারা, গোলের পর বাড়ে এর মাত্রা। 

বিরতির পরপরই সমতা ফেরায় নটিংহ‍্যাম। ৪৮তম মিনিটে রায়ান ইয়েটসের ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন স্বাগতিক অধিনায়ক মর্গ‍্যান গিবস-হোয়ইট।

৯০ সেকেন্ডের মধ‍্যে আরেকটি গোল করে এগিয়েও যায় নটিংহ‍্যাম। খুব কাছ থেকে বল জালে পাঠান নিকোলো সাভোনা। একটি ক্রস একজনের গায়ে লাগলে ছয় গজ বক্সের ভেতরে পেয়ে যান তিনি। 

আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ানো ম‍্যাচে ৮১তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান দিয়ালো। কর্নার থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ঠিকানা খুঁজে নেন তিনি।