১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২০১৮ বিশ্বকাপ জয়ীদের ‘চেয়ে ভালো’ এবারের ফ্রান্স দল

এই মিডফিল্ডারের বিশ্বাস, গতবারের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারলেও দিদিয়ে দেশমের দল আবার বিশ্বকাপ জিতবে।

২০১৮ বিশ্বকাপ জয়ীদের ‘চেয়ে ভালো’ এবারের ফ্রান্স দল
বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরুর আগে অনুশীলনে ফ্রান্স দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 09:25 AM

Updated : 11 Sep 2026, 03:23 PM

এবারের বিশ্বকাপে ফ্রান্সকে নিয়ে আশাবাদী পল পগবা। দেশটির এই মিডফিল্ডারের বিশ্বাস, গতবারের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারলেও দিদিয়ে দেশমের দল আবার বিশ্বকাপ জিতবে। ২০১৮ সালের শিরোপা জয়ী দলের চেয়ে বরং এবারের ফ্রান্স দলকেই এগিয়ে রাখছেন তিনি।

উত্তর আমেরিকা বিশ্বকাপে শক্ত ফেভারিটদের একটি ফ্রান্স। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী পগবাও সেটিই বললেন।

“হ্যাঁ। আমার মনে হয় সবাই তাদেরকে ফেভারিট হিসেবে দেখছে। সম্ভবত বিশ্বের সেরা খেলোয়াড়রা তাদের দলে আছে। কিন্তু বিশ্বকাপ জেতার জন্য শুধু এটাই যথেষ্ট নয়। তাদের ওপর অনেক বেশি চাপ রয়েছে। তাদেরকে মান যতটা সম্ভব উঁচু রাখতে হবে।”

২০১৮ বিশ্বকাপের ফাইনালে পগবা ফ্রান্সের তৃতীয় গোলটি করেন এবং ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় ট্রফি জয় করে ফ্রান্স।

সেই দলে কিলিয়ান এমবাপে, এনগোলো কঁতে, উসমান দেম্বেলেও ছিলেন। এখন তাদের সঙ্গে যোগ হয়েছেন মাইকেল ওলিসে, হায়ান শেহকি, উইলিয়াম সালিবার মতো খেলোয়াড়রা।

শিরোপা জয়ী দলের চেয়ে এই দলটিকেই বেশি ভালো মনে হচ্ছে অনেক দিন জাতীয় দলের বাইরে থাকা পগবার।

“আমার মতে, খেলোয়াড় হিসেবে- প্রতিভা এবং সবকিছু মিলিয়ে তারা আমাদের চেয়ে ভালো। হ্যাঁ, আমি মনে করি তারা আমাদের চেয়ে ভালো। অবশ্যই আশা করি, এটাই তাদের বিশ্বকাপ জিততে সাহায্য করবে।”