১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আতলেতিকো ভক্তদের দিকে করা ইঙ্গিতের জন‍্য ক্ষমা চাইলেন রাফিনিয়া

বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন ওই ইঙ্গিত তার মূল‍্যবোধ ও ব‍্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়।

আতলেতিকো ভক্তদের দিকে করা ইঙ্গিতের জন‍্য ক্ষমা চাইলেন রাফিনিয়া
বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 09:36 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চ‍্যাম্পিয়ন্স লিগের ঘটনাবহুল ম‍্যাচের পর গ‍্যালারিতে থাকা আতলেতিকো মাদ্রিদ ভক্তদের লক্ষ‍্য করে করা ইঙ্গিতের জন‍্য ক্ষমা চেয়েছেন রাফিনিয়া। বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ওই ইঙ্গিত তার মূল‍্যবোধ ও ব‍্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়। 

আতলেতিকোর মাঠে মঙ্গলবার ২-১ গোলে জিতেও চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। ২-০ ব‍্যবধানে হারা প্রথম লেগ ও ২-১ ব‍্যবধানে জয় পাওয়া ফিরতি লেগ- চোটের জন‍্য কোনোটাতেই খেলতে পারেননি রাফিনিয়া। দলকে উৎসাহ জোগাতে অবশ্য মাঠে ছিলেন তিনি। 

ম‍্যাচ শেষে স্বাগতিক সমর্থকদের লক্ষ‍্য করে রাফিনিয়া ইঙ্গিত করেন, পরের রাউন্ডে তারা হেরে যাবে। পরে এই কাণ্ডের জন‍্য সামাজিক মাধ‍্যমে ক্ষমা চান তিনি।

“ওই অঙ্গভঙ্গির জন‍্য আমি ক্ষমা চাইছি, এটা আমার মূল‍্যবোধ ও ব‍্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়। গতরাতে আমাকে অসম্মান করছিল- এমন একজন সমর্থককে জবাব দিতে গিয়ে উত্তেজক পরিস্থিতিতে এটা ঘটে গেছে।”

ম‍্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় রেফারির কড়া সমালোচনা করেন রাফিনিয়া। 

“আমি যতটুকু বুঝি, এটা ছিল ডাকাতি… শুধু এই ম্যাচটাই নয়, প্রথম লেগও…।”

“আমার মনে হয়, রেফারিং খুবই বাজে হচ্ছে; তিনি (দ্বিতীয় লেগের রেফারি) যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, তা অবিশ্বাস্য... আমি সত্যিই বুঝতে চাই, বার্সেলোনা এসে জিতে যাবে, এই নিয়ে তারা এতটা ভীত কেন…!”