Published : 30 Aug 2026, 05:30 PM
নতুন মৌসুমের শুরুতে ঠিকানা বদল করলেন এমিলিয়ানো মার্তিনেস। অ্যাস্টন ভিলা ছেড়ে তিন বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
চুক্তির অঙ্ক কোনো ক্লাবই প্রকাশ করেনি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ৩৩ বছর বয়সী মার্তিনেসকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতে ৭৫ লাখ পাউন্ড খরচ হয়েছে চেলসির।
নতুন ক্লাবে সাফল্য পেতে উন্মুখ হয়ে আছেন মার্তিনেস। এক বিবৃতিতে সব শিরোপার জন্য দলের হয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
“আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন মানুষ যে সবকিছু জিততে চাই এবং আমি সেই মানসিকতা এই ফুটবল ক্লাবে নিয়ে আসতে চাই। কারণ, এটা এমন ফুটবল ক্লাব যারা শিরোপা জিতে, তাই আমি মনে করি এটা ভালো জুটি।”
চলতি মাসের শুরুতে পার্মা থেকে জাপানের গোলরক্ষক জিওন সুজুকিকে দলে আনে ভিলা। এরপর প্রিমিয়ার লিগের এই ক্লাবে ছয় বছরের অধ্যায়ের ইতি টানলেন মার্তিনেস।
২০২০ সালে আর্সেনাল ছেড়ে ভিলায় যোগ দেন আর্জেন্টাইন গোলরক্ষক। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচ খেলেন তিনি এবং নিজেকে প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।
গত মৌসুমে লিগে চতুর্থ হয়ে ভিলার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় এবং ইউরোপা লিগ শিরোপা জেতায় বড় অবদান রাখেন মার্তিনেস।
চেলসিতে পোস্টে দাঁড়াতে স্প্যানিশ গোলরক্ষক রবের্ত সানচেসের সঙ্গে লড়াইয়ে নামতে হবে মার্তিনেসের। ২০২৩ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে যোগ দেন সানচেস। এরপর থেকে তিনিই চেলসির প্রথম পছন্দের গোলরক্ষক। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে দুটি বড় ভুলের পর তার জায়গা নড়বড়ে হয়ে পড়ে। তার ব্যর্থতার পরও ৩-২ ব্যবধানের জয়ে প্রিমিয়ার লিগে অভিযান শুরু করে চেলসি।
আন্তর্জাতিক ফুটবলেও দারুণ সফল মার্তিনেস। দেশের ২০২২ বিশ্বকাপ জয়ের আগে ও পরে দুটি কোপা আমেরিকা শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। গত বিশ্বকাপে হন রানার্সআপ। তিনিই আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক।
চলতি মৌসুমে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারাল ভিলা। মার্তিনেসের আগে দল ছাড়েন মর্গ্যান রজার্স, ইউরি টিলেমান্স, জ্যাডন স্যানচো, দগলাস লুইস ও লুকা দিনিয়ে।