রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু স্পেনের
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি পদত্যাগ না করার ঘোষণা দেওয়ার পর এই উদ্যোগ নিল স্পেন সরকার।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্পেন সরকার।
তীব্র সমালোচনার মুখে রুবিয়ালেস শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু এদিনই নিজের অবস্থান পরিষ্কার করে তিনি ঘোষণা দেন, পদত্যাগ না করার ও লড়াই চালিয়ে যাওয়ার। এর পরেই আসে তার বিরুদ্ধে সরকারের আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা।
স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান ভিক্তর ফ্রাঙ্কোস শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ক্রীড়া আদালতে দোষী প্রমাণিত হলে সাময়িক নিষিদ্ধ হবেন রুবিয়েলস।
“সরকার আজ থেকে প্রক্রিয়া শুরু করেছে, যেন ক্রীড়া আদালতের সামনে রুবিয়েলসকে ব্যাখ্যা দিতে হয়। আর যদি আদালত তাকে দোষী সাব্যস্ত করে, আমি ঘোষণা করতে পারি যে, রুবিয়ালস নিষেধাজ্ঞা পাবেন।”
একই সঙ্গে ফিফার শাস্তিও পেতে পারেন রুবিয়ালেস। তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ফিফা। তিনি বিশ্ব ফুটবল নিয়ন্তা সংস্থার আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে আর্টিকেল ১৩ ধারা লঙ্ঘন করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।
নারী বিশ্বকাপের ফাইনালে গত রোববার ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে স্পেন। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেওয়ার সময় বিতর্কিত কাণ্ডটি করেন রুবিয়ালেস।
মেডেল পরিয়ে দেওয়ার সময় স্পেন দলের সব ফুটবলারকেই আলিঙ্গন করেন রুবিয়ালেস। গালে ও কপালে চুমুও এঁকে দেন অনেকের। তবে মাত্রা ছাড়িয়ে যান জেনিফার এরমোসোর ক্ষেত্রে। স্পেনের হয়ে একশর বেশি ম্যাচ খেলা এই ফুটবলারকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে আচমকা ঠোঁটে চুমু দেন তিনি।
সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ওই ঘটনার তীব্র সমালোচনা শুরু হয় রুবিয়ালেসকে নিয়ে। শুরুতে তিনি সমালোচনাকারীদেরকে ‘ইডিয়ট’ বলে উড়িয়ে দেন। পরে সমালোচনার স্রোত তীব্রতর হলে এক পর্যায়ে ক্ষমা প্রার্থনা করেন।
কিন্তু তাতে লাভ হয়নি। পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন ও নিজের এজেন্সির মাধ্যমে এক যৌথ বিবৃতিতে রুবিয়ালেসের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দাবি করেন এরমোসো।
