Published : 31 May 2026, 12:15 PM
এ যেন দীর্ঘ খরার পর প্রবল বর্ষণ। বছরের পর বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য হাপিত্যেশ করেছে যে দল, কাড়ি কাড়ি ঢাকা ঢেলেও লাভ হয়নি, সেই দল ট্রফি জিতে গেল টানা দুটি! চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার সেই উচ্ছ্বাস প্রবলভাবেই ছুঁয়ে যাচ্ছে পিএসজির কোচ, ফুটবলারদের থেকে শুরু করে কর্ণধারকে।
১৪ বছর আগে পিএসজি কিনে নেওয়ার পর অর্থ খরচ করতে কখনও কার্পণ্য করেননি নাসের আল-খেলাইফি। বিশ্ব ফুটবলে আলাদা একটি সমীহের জায়গাতেও উঠে আসে এই ক্লাব। ফরাসি লিগে মৌসুমের পর পর মৌসুম দাপট দেখাতে থাকে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই ছিল মৌসুমের পর পর মৌসুম।
স্বপ্ন পূরণের জন্য দেদার পয়সা খরচ করতে ভাবেননি ক্লাবের কর্ণধার। এক পর্যায়ে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকা একসঙ্গে মাঠে নেমেছেন এই ক্লাবের হয়ে। কিন্তু ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হচ্ছিল না।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গত মৌসুমে ধরা দেয় সেই মহাকাঙ্ক্ষিত ট্রফি। একটির হাত ধরে এবার ট্রফি এলো আরও একটি। আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখে পিএসজি।
এই সাফল্যের নেপথ্য কারিগর কিংবা মূল অনুঘোটক, সবকিছুই লুইস এনরিকে। পিএসজি কোচও উল্লসিত দলের এই সাফল্যে। যদিও তিনি স্বীকার করছেন, শুরুতে গোল করে এগিয়ে যাওয়া আর্সেনালের সামনে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে তার দলকে।
“ম্যাচটা তাদের জন্য সেরাভাবেই শুরু হয়েছিল। এরপর, তারা জানে কীভাবে রক্ষণ করতে হয়। আমাদের কাজ খুব কঠিন ছিল। আমরা বলের পেছনে অনেক ফুটবলার রেখে সেভাবে আক্রমণ করতে অভ্যস্ত, কিন্তু তাদের বিপক্ষে… তারা শারীরিকভাবে শক্তিশালী… খুব কঠিন।”
“আমরা এখনও চ্যাম্পিয়ন, টানা দুইবার, এটা অসাধারণ... আর্সেনালকে অভিনন্দন, খুব কঠিন ছিল। তারা দুর্দান্ত খেলেছে এবং সেটিই স্বাভাবিক। তারা ম্যাচটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা বল নিয়ন্ত্রণে রাখার এবং চাপ সৃষ্টি করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমরাই জিতেছি।”
এই ম্যাচে লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও শিরোপার জন্য নিজেদেরই যোগ্য মনে করছেন পিএসজি কোচ।
“আজ হয়তো দুই দলই জেতার যোগ্য ছিল – কিন্তু আমরা মৌসুমজুড়ে যেভাবে খেলেছি, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা আমাদেরই প্রাপ্য। আমরা খুব খুশি এবং আগামী বছরও এখানে থাকার চেষ্টা করব – কেন নয়?”

গতবারও পিএসজির শিরোপা জয়ের সঙ্গী ছিলেন জোয়াও নেভেস। তবে এবারের চ্যালেঞ্জ বেশিই ছিল বলে মনে করেন এই মিডফিল্ডার।
“এ বছরের ব্যাপারটা ছিল অন্যরকম; এটা ছিল আরও বেশি শারীরিক, আরও কঠিন... আমরা পিএসজিতে ইতিহাস গড়েছি, আমরা সবাই আনন্দিত।”
“এই নিয়ে দ্বিতীয়বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হলাম। দারুণ আনন্দের ব্যাপার – শুধু জয়ের জন্যই নয়, এই সতীর্থদের সাথে খেলতে পারাটাও। এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি মনে করি, এই জয়টা আমার প্রাপ্য ছিল।”
অতিরিক্ত সময়ে মাঠে নামা ইউক্রেনিয়ান ডিফেন্ডার ইল্লা জাবারনি নিজ দেশের অস্তিত্বের সংগ্রামের সঙ্গে মাঠের লড়াইকে মিলিয়ে তুলে ধরলেন সাফল্যের ছবি।
“অবিশ্বাস্য ক্লাব। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং আমরা এর যোগ্য...। আমি একজন গর্বিত ইউক্রেনিয়ান। আমরা একটি শক্তিশালী জাতি, স্বাধীন জাতি। আমরা স্বাধীনতার জন্য লড়াই করি এবং সবসময় স্বাধীনই থাকব। আমি গোটা বিশ্বকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা কখনও হাল ছাড়ে না।”
দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরানো উসমান দেম্বেলে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি। তাকে তুলে নেন কোচ। শিরোপা জয়ের পর তিনি মৌসুমজুড়ে খুশি ঘাম ঝরানোর পুরস্কার পেয়ে।
“দারুণ এক রাত এটি। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার জন্য আমরা পুরো মৌসুম কঠোর পরিশ্রম করেছি। এটা অসাধারণ। আমরা এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করব।”
“কাজটি কঠিন ছিল – পুরো মৌসুমটাই কঠিন ছিল – এবং আমাদের অনেক কিছুর মোকাবিলা করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত, আমরা আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি এবং আমরা সবাই আনন্দিত।”
টাইব্রেকারে গোল করা দেজিরে দুয়ে বললেন, টানা দ্বিতীয় ট্রফি জিততে দারুণ মরিয়া ছিলেন তারা।
“আমি ভাষা খুঁজে পাচ্ছি না। প্রথমটি ছিল অসাধারণ, কিন্তু আমরা দ্বিতীয় শিরোপা জিতে আবারও ইতিহাস গড়তে, কিংবদন্তি হতে চেয়েছিলাম। আমরা সেটাই করেছি।”
“দর্শকদের দিকে তাকান, আমাদের পরিবারের দিকে তাকান। আমরা শুধু ধন্যবাদ জানাতে চাই। কৃতজ্ঞতা। আমি খুবই খুশি... আমার প্রার্থনা ছিল এই চ্যাম্পিয়ন্স লিগটা আবারও জেতার, এবং আমরা তা করেছি।”
টানা দুই ট্রফিতেই না থেমে দুয়ে বলছেন, আগামী মৌসুমেও সাফল্যের পুনরাবৃত্তি করতে মুখিয়ে তারা।
“আমাদের বিনয়ী থাকতে হবে। এটা অবিশ্বাস্য। আমরা প্রথমে উপভোগ করব। তারপর আমরা আবার কাজে লেগে পড়ব, কারণ আমরা আরও চাই।”
“আমরা ক্ষুধার্ত, আমরা একটি তরুণ দল, এবং আমরা জানি আমাদের উচ্চাকাঙ্ক্ষা আছে। তাই আগামী মৌসুমে আমাদের আবার ঝাঁপিয়ে পড়তে হবে।”
সামনে তাকিয়ে একইরকম কথা বললেন পিএসজির কর্ণধার নাসের আল-খেলাইফি।
“প্রথমটা শিরোপাটি স্পেশাল ছিল, টানা দুটি শিরোপা জেতা আরও বেশি স্পেশাল। তবে আমরা আবার জিততে চাই। আমরা এখানেই থেমে যেতে চাই না।”